২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী রক্ষায় কমিশন হচ্ছে

দেশের নদ-নদী রক্ষায় একটি কমিশন গঠনের জন্য আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

শামীম আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2013, 10:13 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

দেশের নদ-নদী রক্ষায় একটি কমিশন গঠনের জন্য আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের জানান, বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩ -এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

গত ৩ জুলাই এ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়।

এ আইনের আওতায় সরকার কমিশনে তিন বছর মেয়াদি এক জন চেয়ারম্যান ও নদী, পরিবেশ, নদী জরিপ ও আইনে (মানবাধিকার) চার বিশেষজ্ঞ নিয়োগ দেবে।

কমিশন নদী রক্ষায় পরামর্শ ও বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেবে। শুধু নদী নয়, খাল-বিল, জলাশয় রক্ষায়ও কাজ করবে এ কমিশন।

নদী দূষণ বন্ধ করা, অবৈধ দখল উচ্ছেদ, তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ইত্যাদি কার্যক্রমে এ আইন সহযোগী হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান।

বাংলাদেশে ৪০০টির বেশি নদী আছে বলে তিনি জানান।

‘সার্ক এগ্রিমেন্ট অন র্যা পিড রেসপনস্ টু নেচারাল ডিজাসটার’ অনুসমর্থনের প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এর ফলে সার্কভুক্ত দেশগুলো একটি দুর্যোগ মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করবে এবং প্রাকৃতিক দুর্যোগে একে অপরকে সহযোগিতা করবে।

প্রাকৃতিক দুর্যোগের সময় সাহায্যকারী দেশ কোনো যানবাহন, টেলিযোগাযোগ সামগ্রী বা অনান্য দ্রব্যাদি আনলে কর মওকুফ পাবে।

গত ২১-২৮ নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের মৌরিশাস, মালয়শিয়া ও অস্ট্রেলিয়া সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “মালয়শিয়া সফরে জনশক্তি রপ্তানির বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, এ প্রক্রিয়ায় বিদেশে কর্মী পাঠাতে জনপ্রতি ৪০ হাজার টাকা খরচ হবে, রেজিস্ট্রেশন অনলাইনে হচ্ছে এবং আগামী ১৬ থেকে ১৮ জানুয়ারি লটারি হবে।”

আগামী ১০ জানুয়ারি কর্মী পাঠানোর পদ্ধতির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলেও জানান সচিব।

অস্ট্রেলিয়া সফরের বিষয়ে সচিব বলেন, ২০১৫ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় ২৪ লাখ দক্ষ কর্মী পাঠানো যাবে। এ জন্য একটি পাইলট প্রকল্প হাতে নেয়া হয়েছে যাতে উন্নত দেশে দক্ষ শ্রমিক পাঠানো যায়।

গত ২৮ থেকে ৩০ নভেম্বর রোমে অনুষ্ঠিত ‘সিক্স সেশন অফ দি মিটিং অফ দি পার্টিস টু দি কনভেনশন অন দি প্রটেকশন এন্ড ইউজ অব ট্যান্সবাউন্ডারি ওয়াটারকোর্সেস এন্ড ইন্টারন্যাশনাল লেকস্’ এ পানি সম্পদমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশে ৪০০টির বেশি নদীর মধ্যে ৫৭টি অন্যান্য দেশের সঙ্গে প্রবাহিত হচ্ছে জানিয়ে সচিব বলেন, বাংলাদেশের পক্ষে নদীগুলো সম্পর্কে অবহিত করা হয়েছে।

বৈঠকে গত ১৯ থেকে ২৩ নভেম্বর বাণিজ্যমন্ত্রীরর চেক প্রজাতন্ত্র এবং এবং জার্মানি সফর সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয়।