২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতার হাতকড়া পড়া লাশ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী থেকে হাতকড়া লাগানো অবস্থায় ঢাকার এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2013, 09:19 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

কুষ্টিয়ার কুমারখালী থেকে হাতকড়া লাগানো অবস্থায় ঢাকার এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রফিকুল ইসলাম মজুমদার (৪৫) ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং বঙ্গবাজার মার্কেট কমিটির সহ-সভাপতি ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

শনিবার রাত ১১টার দিকে কুমারখালী উপজেলার আদাবাড়ি-মনোহরপুর মাঠের খালের পাশে তার লাশ পাওয়া যায়।

রফিকুল ঝিনাইদহের শৈলকুপার আনন্দনগর গ্রামে তার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় সেখান থেকে র‌্যাবের পোশাক পড়া ৭-৮ জন লোক জোর করে রফিকুলকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন তার স্বজনরা।

কুমারখালী থানার ওসি আলী নেওয়াজ বলেন, “পরে তার লাশ ওই মাঠে পাওয়া যায়। রফিকুলকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার হাতে হাতকড়া ছিল, যাতে ‘পুলিশ’ শব্দটি খোদাই করা রয়েছে।”

ওসি জানান, রাতেই লাশ কুমারখালী থানায় নিয়ে আসা হয়। রোববার সকালে রফিকুলের স্ত্রী ঢাকা থেকে এসে লাশ সনাক্ত করেন।

এ ব্যাপারে ঝিনাইদহ ও কুষ্টিয়া র‌্যাবের সঙ্গে যোগাযোগ করা হলে রফিকুলকে উঠিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন কর্মকর্তারা।

ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার হামিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালো পোশাকের ৭-৮ জন লোক রফিকুলকে তুলে নিয়ে গেছে শুনে র‌্যাবের একটি দল খোঁজ নিতে তার শ্বশুরবাড়ি যায়।

ঝিনাইদহ র‌্যাব কাউকে গ্রেপ্তার করেনি বলেও দাবি তরেন হামিদুল হক।

রফিকুলের শাশুড়ী লিপি খাতুন স্থানীয় সাংবাদিকদের বলেন, শুক্রবার রাতে রফিকুল সাভারে নিজের কারখানার কাজ সেরে রাতে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। শনিবার সন্ধ্যায় পরিবারের লোকজনের সঙ্গে বসে আলাপ করার সময় ৭-৮ জন লোক র‌্যাব পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায়।

“তাদের সবার হাতে অস্ত্র ছিল। বাধা দিতে গেলে আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে। তারপর সাদা রংয়ের একাট মাইক্রোতে করে রফিকুলকে নিয়ে গেছে।”

রফিকুলের ভায়রা সাইদুর রহমান জানান, বিষয়টি সন্ধ্যায় পুলিশ ও র‌্যাবকে জানানোর পর রাতে কুমারকালী থানার ওসি আদাবাড়ি-মনোহরপুর মাঠের খালের পাশে একটি লাশ পাওয়ার কথা জানান।

তিনি জানান, রফিকুল ঢাকার শনির আখড়া এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ির চাঁদপুরের শাহরাস্তি এলাকায়।