কড়া নিরাপত্তায় নিরুত্তাপ হরতাল
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সরকারের পঞ্চম বছরের প্রথম দিনে বিরোধী দলের দিনব্যাপী হরতাল চলছে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সরকারের পঞ্চম বছরের প্রথম দিনে বিরোধী দলের দিনব্যাপী হরতাল চলছে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে।
হরতালে বিশৃঙ্খলা এড়াতে রোববার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পুলিশ ও র্যা ব সদস্যরা। তবে এর মধ্যেও হরতালের সকালে মিরপুরে দুটি বাস ও শাঁখারিবাজারে একটি গাড়ি ও বাবুবাজারে একটি মাইক্রোবাসে আগুন দেয়া হয়। তেজগাঁও, পান্থপথ ও বাড্ডায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় হরতালকারীরা।
এছাড়া বিভিন্ন স্থানে অলিগলিতে হরতালের সমর্থনে বিক্ষিপ্ত মিছিলের খবর পাওয়া গেছে। পুরান ঢাকা, ফার্মগেইট, বনানী ও মিরপুর এলাকা থেকে দশ জনকে আটক করেছে পুলিশ।
হরতালের আগে শনিবার সন্ধ্যায়ও রাজধানীর বিভিন্নস্থানে অন্তত ছয়টি বাসে অগ্নিসংযোগ করা হয়।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল করছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
সকালে রাজধানীতে বাস কম চললেও প্রচুর রিকশা ও অটোরিকশা চলতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের সংখ্যাও।
গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে মিরপুরে প্রশিকা ভবনের সামনে একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া মিরপুর কমার্স কলেজের সামনে কাছাকাছি সময়ে ৪/৫টি হাতবোমার বিস্ফারণ ঘটে বলে এলাকাবাসী জানায়।
একই সময়ে মিরপুর ১০ নম্বর গোলচক্করের কাছে হরতাল সমর্থকরা একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে একজনকে আটক করে বলে জানান মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (তদন্ত) মইদুল হোসেন।
এছাড়া সকাল ৬টার দিকে মিরপুর ৬ নম্বর বাজারের পাশে ইউনাইটেড পরিবহনের একটি বাসে হরতাল সমর্থকরা আগুন দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় হরতালকারীদের ছোড়া হাতবোমা বিস্ফোরণে বাসের চালক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রায় একই সময়ে তেজগাঁও কলেজের সামনে ছাত্রদলের কর্মীরা মিছিল বের করলে পুলিশের সাথে তাদের সংঘর্ হয়। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মো. রমজান আলী জানান।
তিনি বলেন, ঘটনার পর পুলিশ দুই জনকে আটক করেছে।
পান্থপথ এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়।গুলশান লিংক রোডে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের হলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় বলে বাড্ডার ওসি মাহাবুবুর রহমান জানান।
এছাড়া সকাল সাড়ে ৯টার দিকে বনানী কাঁচাবাজারের কাছ থেকে দুই হরতাল সমর্থককে আটক করে পুলিশ। বনানী থানার উপ-পরিদর্শক আমিনুল বাশার বিডিনিউজকে বলেন, “এরা নাশকতার চেষ্টা চালাচ্ছিল।”
এদিকে সকাল ১০টার দিকে শাঁখারিবাজারে হরতাল সমর্থকদের একটি ঝটিকা মিছিল চলার সময় একটি প্রাইভেট কারে আগুন দেয়া হয়। পুলিশ ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি আবুবকর সিদ্দিক জানান।
বেলা সাড়ে ১২টার দিকে বাবুবাজারের দুম্বা মসজিদ এলাকায় হরতাল সমর্থকদের একটি ঝটিকা মিছিল চলার সময় একটি মাইক্রোবাসে আগুন দেয়া হয় বলে কোতোয়ালির ওসি জানান। এ সময় কয়েকটি হাতবোমা ফাটানো হয় এবং একটি কভার্ড ভ্যান ভাংচুর করে হরতালকারীরা।
পরে পুলিশ এলে মিছিলকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ।
সকালে বাসাবোর কদমতলা এলাকাতেও ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে হরতালকারীরা। এ সময় চটের বস্তায় আগুন দিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করা হয়। এ সময় ঘটনাস্থলে কোনো পুলিশ ছিল না।
হরতালের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বহিরাগত এক যুবককে আটক করে শাহবাগ পুলিশের হাতে সোপর্দ করে শিক্ষার্থীরা।
সোয়া ১০টার দিকে ধানমন্ডি ৬ নম্বরের বেপজা কমপ্লেক্সের সামনে একটি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে হরতাল সমর্থকরা।
এর চালক ইসমাইল হোসেন বিডিনিউজকে বলেন, “হঠাৎ করে ১০/১২ জনের একটি দল এসে ভাংচুর চালিয়ে দ্রুত পাশের গলি দিয়ে পালিয়ে যায়।”
অন্যান্য হরতালের মতো এদিনও নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে বাইরে করা নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। তবে সেখানে সকালে হরতালকারীদের কোনো তৎপরতা দেখা যায়নি।
পুলিশের ঘেরাওয়ের মধ্যে বিএনপি কার্যালয়ের ফটকে কলাপসিবল গেইটের ভেতরে বসে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবদিকদের বলেন, “এই হরতাল জনগণের স্বার্থে। আমি সারা দেশের যে খবর পেয়েছি, সব জায়গায় মানুষ এই হরতালে সমর্থন দিয়েছে।”
গত বৃহস্পতিবার রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পরপরই দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম হরতালের ঘোষণা দেন।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আগেই বলেছিল, সরকার জ্বালানি তেলের দাম বাড়ালেই তারা হরতাল ডাকবে।
সরকার পেট্রোল ও অকটেন লিটারে ৫ টাকা করে এবং ডিজেল ও কেরোসিন লিটারে ৭ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার মধ্যরাত থেকেই তা কার্যকর হয়।
নতুন দর অনুযায়ী, ডিজেল ৬৮ টাকা, কেরোসিন ৬৮ টাকা, অকটেন ৯৯ টাকা এবং পেট্রোল ৯৬ টাকায় বিক্রি হচ্ছে।
