২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে কড়া নিরাপত্তায় স্বাভাবিক কাজকর্ম

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিরোধী দলের ডাকা হরতালে সচিবালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। তবে অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই কাজ চলছে সচিবালয়ে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2013, 05:49 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিরোধী দলের ডাকা হরতালে সচিবালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। তবে অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই কাজ চলছে সচিবালয়ে। 

রোববার সকাল থেকেই সচিবালয়ের আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। 

সচিবালয়ের ঢোকার মুখে জিরো পয়েন্টের দিকে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাচীরসংলগ্ন এলাকায় পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে। 

গত ২৯ এপ্রিল ১৮ দলীয় জোটের হরতালে পুলিশ পাহারার মধ্যেই সচিবালয় এলাকায় দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটে। এর পর থেকেই বিএনপি বা জামায়াতের হরতাল বা অন্যান্য কর্মসূচিতে সচিবালয় এলাকায় কড়া নিরাপত্তা নেয়া হচ্ছে। 

এদিকে প্রেসক্লাবের পাশে সচিবালয়ে ঢোকার মুখে নিরাপত্তা বেষ্টনি দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শিক্ষা ভবনের সামনে সচিবালয়ের প্রবেশপথের একপাশেও কাঁটাতারের বেষ্টনি রয়েছে। 

আব্দুল গনি রোডের সচিবালয় সংলগ্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রন করা হচ্ছে। পথচারীদের চলাচলেও রয়েছে কঠোর নজরদারি। 

রোববার সকাল থেকেই সচিবালয়ের ফটকগুলোতে ভেতরে ঢোকার ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। পরিচয়পত্র নিশ্চিত করেই সচিবালয়ের ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে। ঢোকার সময় বিশেষ নিরাপত্তা যন্ত্রের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে। 

সচিবালয়ের ভেতরে আইন-শঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি বাড়িয়েছে। দশনার্থীদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কম দেখা গেছে। 

সচিবালয় ঘুরে দেখা যায়, বিভিন্ন মন্ত্রনালয় ও বিভাগে উপস্থিতির একটু কম হলেও বরাবরের মতো স্বাভাবিকভাবেই কাজকম চলছে।