রাজশাহীতে ‘অবরুদ্ধ’ মিনু
রাজশাহীতে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহামান মিনুসহ কয়েকজন নেতাকে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ।
রাজশাহীতে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহামান মিনুসহ কয়েকজন নেতাকে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে মিনুর নেতৃত্বে দলের নেতাকর্মীরা হরতালের সমর্থনে রাজারহাতা এলাকা থেকে একটি মিছিল বের করে। মিছিলটি সোনাদিঘী মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় রাস্তায় বসে পড়েন বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশ তাদের রাস্তার ওপর থেকে সরিয়ে দেয়।
বিএনপির যুগ্ম মহাসচিব মিনু এরপর কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে নাগরীর মালোপড়ায় দলীয় কার্যালয়ে অবস্থান নেন। এর পর থেকেই বিপুল সংখ্যক পুলিশ কার্যালয়টি ঘিরে রেখেছে।
ঘেরাওয়ের ভেতর থেকে মিনু বলেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। তারা বিনা কারণে আমাদের দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে।”
এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ কমিশনার (এসি) রোকনউজ্জামান বলেন, নাশকতা এড়াতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে সকাল-সন্ধ্যা এই হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
হরতালের সকালে রাজশাহীর বিভিন্ন পয়েন্টে হরতাল সমর্থকরা পিকেটিংয়ের চেষ্টা করে। তবে নাশকতা এড়াতে নগরীতে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাবব মোতায়েন রয়েছে।
