২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি বন্ধ করুন, তেলের দাম বাড়াতে হবে না: মওদুদ

বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, সরকারের ‘দুর্নীতির’ কারণেই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2013, 12:50 PM

Updated : 23 Aug 2022, 10:00 AM

বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, সরকারের ‘দুর্নীতির’ কারণেই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য একথা বলেন।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিরোধী দলের হরতালের আগের দিন এই কর্মসূচিতে মওদুদ বলেন, “দুর্নীতি, চুরি বন্ধ করে দক্ষতা বৃদ্ধি করুন, তাহলে আর তেলের দাম বাড়াতে হবে না।”

জ্বালানি তেলের দাম বাড়ানোর জন্য সরকারের ‘দুর্নীতির’ পাশাপাশি অদক্ষতা ও অব্যবস্থাপনাকেও দায়ী করেন মওদুদ।

তিনি বলেন, “কুইক রেন্টাল একটি ভুল সিদ্ধান্ত, শুধু লুটপাটের জন্য কুইক রেন্টাল হয়েছে। সরকারের ভুল সিদ্ধান্তের কারণে কোটি কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। আর এর দায় জনগণের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে।”

বর্তমান সরকার আমলে পঞ্চম দফায় বৃহস্পতিবার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়ানো হয়।

দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতির পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি খাতে ভর্তুকিকেও কারণ বলে স্বীকার করেছে সরকার।

মওদুদ বলেন, “জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সবকিছুর দাম বাড়বে। অর্থনীতির সর্বক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে।

“আগামীতে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলে অসহযোগ কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।”

হরতাল আহ্বানকে ‘উন্মাদের’ আচরণ বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের প্রতিক্রিয়ায় মওদুদ বলেন, “উনি অনেক কথাই বলেন। আপনার নিজের চেহারাটা আয়নার সামনে নিয়ে দেখুন, আর নিজেকে প্রশ্ন করুন, আপনার কোন মন্তব্যে কত মানুষের বাহবা পেয়েছিলেন।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুনের মুক্তি দাবিতে সমাবেশে বক্তব্য রাখেন মওদুদ।

তিনি বলেন, “মির্জা আলমগীরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে দমন-পীড়নের রাজনীতি চালু করেছেন, সরবক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন । এরপরও যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন চান, তাহলে ভুল করবেন।”

রোববার হরতালে কোনো ধরনের বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান মওদুদ।

প্রজন্ম একাডেমির উদ্যোগে ওই সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি খন্দকার মাহবুব হোসেন, আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, কালাম ফায়েজী, মিয়া মোহাম্মদ আনোয়ার, আবুল হোসেন প্রমুখ।