২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসে ৫টি হাতবোমা বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ির সামনে একটিসহ ক্যাম্পাসে শনিবার সন্ধ্যায় পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2013, 12:02 PM

Updated : 23 Aug 2022, 10:00 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ির সামনে একটিসহ ক্যাম্পাসে শনিবার সন্ধ্যায় পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।

সন্ধ্যা সোয়া ৫টা থেকে পৌনে ৬টার মধ্যে এই হাতবোমাগুলোর বিস্ফোরণ ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী জানিয়েছেন।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের আগের দিন এই বিস্ফোরণগুলো ঘটানো হয়েছে। তবে কারা তা ঘটিয়েছে, তা জানা যায়নি।

প্রক্টর বলেন, একটি বিস্ফোরণ ঘটানো হয়েছে উপাচার্যের বাসভবনের সামনে। তবে তখন উপাচার্য আ আ মস আরেফিন সিদ্দিক বাড়িতে ছিলেন না।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে একটি, রোকেয়া হলের কাছে একটি এবং এস এম হলের কাছে অন্য দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

কে বা কারা এগুলোর বিস্ফোরণ ঘটিয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “আমরা কাউকে ধরতে পারিনি এবং কারা ফাটিয়েছে, তা দেখতেও পারিনি। যাওয়ার পথে কেউ ছুড়ে মেরে যেতে পারে।”

তবে প্রক্টরের ধারণা, হরতালের আগে ক্যাম্পাসে ভীতি ছড়াতে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ এই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে, বলেন তিনি।