২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুবার্ষিকীতে স্মরণ স্যামসন এইচ চৌধুরীকে

শিল্পোদ্যোক্তা, স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী বিশেষ প্রার্থনা ও স্মরণসভার মধ্য দিয়ে পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2013, 09:28 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

শিল্পোদ্যোক্তা, স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী বিশেষ প্রার্থনা ও স্মরণসভার মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার পাবনার বৈকণ্ঠপুরে প্রয়াতের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার স্ত্রী ও দুই ছেলে। এরপর তার আত্মার শান্তি কামনা করে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

পাবনা ব্যাপ্টিস্ট চার্চ পালক পরিচর্যা কমিটির কনভেনর স্যামুয়েল বিশ্বাসের পরিচালনায় ওই বিশেষ প্রার্থনায় স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরী, বড় ছেলে স্বপন চৌধুরী ও ছোট ছেলে অঞ্জন চৌধুরী পিন্টু ছাড়াও পরিবারের অন্য সদস্য ও স্বজনরাও ছিলেন।

বিশেষ প্রার্থনার পর একটি স্মরণসভা হয়। এতে স্যামসন এইচ চৌধুরীর আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চান অনিতা চৌধুরী।

এছাড়া সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে স্যামসন এইচ চৌধুরীর স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগে ২০১২ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান স্যামসন এইচ চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

এই শিল্পপতির জন্ম ১৯২৬ সালের ২৫ ফেব্রুয়ারি পাবনার আতাইকুলা গ্রামে। ভারতে পড়ালেখা শেষ করে ১৯৫২ সালে গ্রামে ফিরে ছোটো একটি ওষুধের দোকান খোলেন তিনি।

পরে তিনি ১৯৫৮ সালে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যা পরে সম্প্রসারিত হয়ে স্কয়ার গ্রুপে রূপ নেয়।