২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াউদ্দিনের ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান বিচারপতি নিজামুল হকের সঙ্গে স্কাইপে কথিত কথোপকথন সত্যি কি না এবং সত্যি হলে কোন ক্ষমতাবলে বিচারিক বিষয়ে মত দিয়েছেন, তার ব্যাখ্যা দিতে হবে আহমেদ জিয়াউদ্দিনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2013, 01:04 PM

Updated : 23 Aug 2022, 10:00 AM

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান বিচারপতি নিজামুল হকের সঙ্গে স্কাইপে কথিত কথোপকথন সত্যি কি না এবং সত্যি হলে কোন ক্ষমতাবলে বিচারিক বিষয়ে মত দিয়েছেন, তার ব্যাখ্যা দিতে হবে আহমেদ জিয়াউদ্দিনকে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার স্বতপ্রণোদিত হয়ে ব্রাসেলসপ্রবাসী এই আইন গবেষকের বিরুদ্ধে এই রুল জারি করে।

জিয়াউদ্দিনের সঙ্গে স্কাইপে কথিত কথোপকথন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর আলোচনার মধ্যে গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেন বিচারপতি নিজামুল হক।

বিএনপি ও জামায়াত সমর্থক আইনজীবীদের দাবি, বিচারপতি নিজামুল হক এর মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন।

অন্যদিকে অ্যাটর্নি জেনারেলসহ সরকার সমর্থক আইনজীবীদের দাবি, হ্যাকিংয়ের মতো অপরাধ করে বিচারকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে এবং এর উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচার বানচাল।

বিচারপতি ওবায়দুল হাসান রুল জারির সময় বলেন, “সম্প্রতি স্কাইপে আইনজীবী আহমেদ জিয়াউদ্দিনের যে কথোপকথন প্রকাশ হয়েছে, সেটি সত্য, না কি মিথ্যা, তা অফিসিয়ালি জানা দরকার।”

“যদি তা সত্যি হয়ে থাকে তবে তা অবৈধ। যেহেতু তিনি দায়িত্বপ্রাপ্ত কেউ নন, তাই অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি এ বিচার প্রক্রিয়া নিয়ে তিনি কথা বলতে পারেন না।”

ট্রাইব্যুনালের আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে আহমেদ জিয়াউদ্দিনকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা নিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসে হাজির হতে বলা হয়েছে তাকে।

জিয়াউদ্দিনের বক্তব্য নিয়ে তা ১৪ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে।

আদালতের রুল জারির পর ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর আইনজীবী মুন্সি আহসান কবির বলেন, “আহমেদ জিয়াউদ্দিন স্কাইপে যে কথোপকথন করেছেন, তার তথ্য-প্রমাণ রয়েছে।”

“রাজাকাররা সারাদেশে ৭১ সালে মানুষ হত্যা করেছে। কিন্তু তিনি কয়েকজনের শাস্তির সুপারিশ করে ৩০ লাখ শহীদ পরিবারের অনুভূতিতে আঘাত করেছেন।”

খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মাহমুদুর রহমান সম্পাদিত আমার দেশে কথিত ওই কথোপকথন ছাপা হয়। পরে অবশ্য তা ছাপতে নিষেধাজ্ঞা দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি নিজামুল হকের পদত্যাগের পর অভিযুক্ত জামায়াত নেতারা তাদের বিচার পুনরায় শুরুর আবেদন করেন। বৃহস্পতিবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের এই আবেদন ট্রাইব্যুনাল-২ খারিজ করে।

অন্যদিকে একইদিন গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও দেলাওয়ার হোসাইন সাঈদীর একই আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল-১।