২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ২ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

অপহরণের ২ দিন পর মাদারীপুরের স্কুলছাত্রী তিথি মালোকে ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2013, 07:34 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

অপহরণের ২ দিন পর মাদারীপুরের স্কুলছাত্রী তিথি মালোকে ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় বুধবার সন্ধ্যায় তিথির ছোট কাকাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিবচর থানায় একটি অপহরণ মামলাও দায়ের করা হয়েছে।

মাদারীপুরের শিবচর থানার মাদবচরের মালোপাড়ার জেলে রাম মালোর মেয়ে প্রথম শ্রেণির ছাত্রী তিথি (৭) ১ জানুয়ারি স্কুল থেকে ‘উধাও’ হয়ে যায়।

পরদিন তিথির বাবার মোবাইলে অপরিচিত নাম্বার থেকে ফোন করে ৩০ হাজার টাকা দাবি করা হয়। এ নিয়ে স্থানীয় থানায় অভিযোগ করেন রাম মালো।

শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) নিউটন দত্ত বলেন, শিশুটিকে অপহরণের পর অর্থ দাবির অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নেমে পুলিশ জানতে পারে শিশুটি ফরিদপুরের ভাঙ্গায় রয়েছে। একই সঙ্গে মোবাইল ফোনের কললিস্ট ঘোটে পুলিশ নিশ্চিত হয় তার কাকা শরৎ মালো এই ঘটনার সঙ্গে জড়িত।

বুধবার সন্ধায় শরৎকে আটকের পর তার দেয়া তথ্য অনুযায়ী ভাঙ্গা উপজেলার চন্দ্রা এলাকার একটি বাড়ি থেকে তিথিকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় গৃহকর্তা গোবিন্দকে।

অপহরণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে মধ্যরাতে ‘অজ্ঞান পার্টির’ সদস্য জাকির মোল্লাকে গ্রেপ্তার করা হয় বলে জানান শিবচর থানার ওসি এ কে এম মাসুদ খান।

অপহরণকারীদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোনসেট ও সিম উদ্ধার করা হয়েছে।