কুষ্টিয়ায় ডাকাতির পর গণপিটুনি, নিহত ২
কুষ্টিয়ার এক গ্রামে ডাকাতির পর গণপিটুনিতে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।
কুষ্টিয়ার এক গ্রামে ডাকাতির পর গণপিটুনিতে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, বুধবার গভীররাতে সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও একটি কুড়াল উদ্ধার করেছে।
নিহতরা হলেন- ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শঙ্করদিয়া গ্রামের আরিফ (৪২) এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার দম্বলপুর গ্রামের আশরাফুল ইসলাম (৩২)।
গণপিটুনিতে আহত হাসিবুল ইসলাম (৩৪)নামের আরেকজনকে পুলিশ কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি শেখ আতিয়ার জানান, ১০/১২ জন ডাকাত রাত ২টার দিকে আড়পাড়া গ্রামের ইজ্জত আলীর বাড়িতে হানা দেয়। তারা ওই বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে মূল্যবান জিনিসপত্র লুটে নেয়ার চেষ্টা করলে বাড়ির লোকজন চিৎকার শুরু করে। এ সময় ডাকাতরা ইজ্জত আলীর ছেলে আব্দুর রাজ্জাকসহ ৪ জনকে মারধর করে।
এদিকে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ জনতা গ্রামের একটি মাঠের মধ্যে তিনজনকে ঘিরে ফেলে বেদম পিটুনি দেয়।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এছাড়া আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে পাঠানো হয়।
আহত হাসিবের কাছ থেকেই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে ওসি জানান।
কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
