২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে বোমা: অভিযোগ গঠন ২৯ জানুয়ারি

কয়েকজন আসামির সময়ের আবেদনের কারণে ১৮ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে সচিবালয়ে বোমা বিস্ফোরণের মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2013, 06:02 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

কয়েকজন আসামির সময়ের আবেদনের কারণে ১৮ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে সচিবালয়ে বোমা বিস্ফোরণের মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে।

রোববার শুনানির নির্ধারিত দিনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ কয়েকজন আসামির আইনজীবী সময়ের জন্য আবেদন করলে মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক আগামী ২৯ জানুয়ারি শুনানির নতুন তারিখ ঠিক করে দেন।

এর আগে গত ১৮ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির তারিখ থাকলেও এ মামলার আসামি বিরোধী দলের আট সাংসদের সময়ের আবেদনে তা পিছিয়ে ১ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়। তার আগেও দুই দফা পেছানো হয় শুনানির সময়।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের সময় সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানায় মামলা করে পুলিশ।

এ মামলায় পুলিশ গত ৩১ মে বিরোধী দলের ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। তাদের সবাই জামিন পেলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবরোধ কর্মসূচিতে সহিংসতার আরেক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।