২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি ফের পেছাল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি আবার পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2013, 05:30 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি আবার পিছিয়েছে।

এ মামলার প্রধান আসামি খালেদা জিয়া মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির না হওয়ায় শুনানি পিছিয়ে যায়।

বিচারক মো. জহুরুল হক আগামী ৬ জানুয়ারি পুনরায় শুনানির দিন ঠিক করেছেন বলে খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

এ নিয়ে ত্রয়োদশবারের মতো এ মামলার শুনানি পিছিয়ে গেল।

খালেদা জিয়ার আরেক আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরোধী দলীয় নেতার ‘রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ’ থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এ কারণে সময়ের আবেদন করা হয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে ২০১১ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় বিএনপি চেয়ারপারসনের পাশাপাশি তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকে আসামি করা হয়।

হারিছ চৌধুরী প্রথম থেকেই পলাতক রয়েছেন। তবে জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান মঙ্গলবার আদালতে হাজির হন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি।

দুদদের দেয়া অভিযোগপত্রে আরো বলা হয়, জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ অর্থ এসেছে অবৈধ উৎস থেকে।