পিএসআই প্রথা আরো ৬ মাস থাকছে
পণ্যের মূল্যায়নে পিএসআই প্রথা বিলুপ্তির পরিকল্পনা সরকারের থাকলেও প্রস্তুতি শেষ না হওয়ায় এই সময় বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
আমদানি ও রপ্তানি পণ্যের মূল্যায়নে পিএসআই (প্রি শিপমেন্ট ইন্সপেকশন) প্রথা আরো ছয় মাস থাকছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এই বছরের মধ্যেই পিএসআই প্রথা বিলুপ্তির পরিকল্পনা সরকারের থাকলেও প্রস্তুতি শেষ না হওয়ায় এই সময় বাড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এক বৈঠকের আগে মন্ত্রী এই প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, পিএসআই আর থাকবে না। কিন্তু অভ্যন্তরীণ ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদের আরো কিছুটা সময় প্রয়োজন।”
তবে ছয় মাস পরও স্পর্শকাতর কয়েকটি ক্ষেত্রে পিএসআই প্রথা থাকবে বলে জানান মুহিত। তিনি বলেন, “অনেক দেশই তা রাখে।”
বর্তমানে পণ্যের মূল্যায়নে সরকার অনুমোদিত পিএসআই সংস্থা কর্তৃক সিআরএফ (ক্লিন রিপোর্ট ফাইন্ডিংস) সার্টিফিকেট ইস্যু করা হয়।
পণ্যের গুণগত মান, পরিমাণ, মূল্য, এইচএস কোড (পণ্যের পরিচিতি তালিকা) ও আমদানি যোগ্যতা নিশ্চিত করে সিআরএফ সার্টিফিকেট ইস্যু করে পিএসআই সংস্থগুলো। এ সার্টিফিকেটের ভিত্তিতে শুল্ক কর্তৃপক্ষ পণ্যের শুল্কায়ন করে বন্দর থেকে পণ্য খালাসের অনুমতি দেয়।
শুল্ক কর্মকর্তারা জানান, পিএসআইয়ের বিকল্প প্রস্তুতি হিসেবে ভ্যালুয়েশন ডাটাবেইজ অনুযায়ী শুল্কায়নের প্রস্তুতি চলছে। এ জন্য শুল্ক বিভাগে এসাইকুডা ওয়ার্ল্ড নামের নতুন সফটওয়্যার ব্যবহারের প্রস্তুতি চলছে।
এজন্য দ্রুত আন্তর্জাতিক পণ্যের মূল্যায়নে সক্ষমতা বাড়াতে শুল্ক ভবনে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে রাজস্ব ও সহকারী রাজস্ব কর্মকর্তাদের।
