২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মী আটক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2012, 07:28 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে নোয়াখালীতে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এদের মধ্যে বিএনপির ১৭ জন এবং জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী রয়েছে।

সোমবার রাতে জেলার বিভিন্ন থানা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী জানিয়েছেন।

তিনি বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ এবং এতে সম্পৃক্ততায় সন্দেহভাজনদের আটক করা হয়েছে।

আটকদের সহিংসতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তবে কয়েকজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

কবিরহাট থানা থেকে দুই জন, বেগমগঞ্জ থানা থেকে তিন জন, সেনবাগ থেকে দুই জন, চাটখিল থেকে চার জন, সুধারাম থেকে দুই জন, হাতিয়া থেকে তিনজন, সোনাইমুড়ী থেকে তিন জন, চরজব্বার থানা থেকে দুই জন ও কোম্পানীগঞ্জ থেকে একজনকে আটক করা হয় বলে জানান পুলিশ সুপার।

সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এবং জামায়াতে ইসলামীর হরতাল ও অবরোধে সারা দেশে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

এসব মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির একাধিক নেতাকর্মী এবং জামায়াত-শিবিরের অনেকে কারাগারে আছেন।