জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার ষড়যন্ত্র প্রতিরোধ করার শপথ নেয়ার মধ্য দিয়ে বিজয়োৎসব পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগ ও ইনস্টিটিউট এবং ১২টি হলের ব্যানারে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা চার কিলোমিটার পথ হেঁটে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সেখানে শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
শপথ বাক্যে বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার সচেষ্ট থাকবে।
“যে মহান আদর্শ ও মূল্যবোধকে কেন্দ্র করে বাংলাদেশের সৃষ্টি তা স্বপ্নে, চিন্তায়, বাক্যে ও কর্মে আজীবন ধারণ করবো। আমরা কর্ম ও সেবা দিয়ে বাংলাদেশকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় পরিণত করবো।”
পরে উপাচার্য আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বাধীনতার যে ইশতেহার ছিল, আজো সেটি বাস্তবায়িত হয়নি। এই উৎসবের ভেতর দিয়ে সে পথে আমারা আরো এক ধাপ হাঁটার চেষ্টা করেছি।”
বিজয়ের ৪১ বছর পরও যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে দেশি-বিদেশি প্রতিবন্ধকতা সৃষ্টির যে অপচেষ্টা চলছে, তার বিপরীতে মুক্তিযুদ্ধের পক্ষের একটি চেতনার স্রোত গড়ে তুলতেই বিশ্ববিদ্যালয় পরিবার এ বিজয়োৎসবের আয়োজন করেছে বলে তিনি জানান।
উপাচার্য বলেন, তরুণ প্রজন্মের মাঝে মুক্তচিন্তা ও দায়িত্বানুভুতি জাগিয়ে দেশকে বৃহত্তর বিজয়ের পথে এগিয়ে নেয়াও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
স্মৃতিসৌধে আসার পথে পিকআপ ভ্যানে সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি, আনন্দ, ধ্বনি, জাহাঙ্গীরনগর থিয়েটার আর ডিবেট অর্গানাইজেশনের কর্মীদের ঢোল-তবলা, গিটারসহ দেশাত্ববোধক গানের সঙ্গী হয়েছে সবাই।
বিভাগীয় সভাপতি ও পরিচালকরা তাদের বিভাগ এবং হল প্রাধ্যক্ষরা তাদের হলের নেতৃত্বে দেন।
শত শত পতাকায় পুরো বিজয় র্যা লিতে নেমে আসে লাল-সবুজের আবহ। আবহমান বাংলা সংস্কৃতির কারুকার্যখচিত পোশাকেও ছিল লাল-সবুজের নিপুন ছোঁয়া।
মাথায় বাধা লাল-সবুজ পতাকার সঙ্গে হাতে শোভা পায় জাতীয় বীরদের ছবি। ফেস্টুনে ফুটে ওঠে প্রতিবাদ-প্রতিরোধের নানা ভাষা।
সাভার ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সড়কের পাশে দাড়িয়ে বিজয় র্যা লিকে অভিবাদন জানাতেও দেখা যায়।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরা ৪১ ফুট একটি পতাকা মেলে ধরেন, মুক্তিযুদ্ধের বিজয়ের স্মারক হিসাবে।
bdnews24