২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হরতালে পুলিশের গাড়িতে বোমা

সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকের সামনে পুলিশের গাড়িতে এ হামলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2012, 09:28 AM

Updated : 25 Apr 2022, 10:01 PM

কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক তাসনিম আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের শুরুতে পুলিশের গাড়িতে হাতবোমা নিক্ষেপ করেছে ইসলামী ছাত্রশিবির কর্মীরা।

বিস্ফোরণ ও হামলার ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত সাতজন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকের সামনে পুলিশের গাড়িতে এ হামলা হয়। আহতদের নগরীর বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে জামায়াতের সহযোগী সংগঠন শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

মতিহার থানার ওসি সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে হঠাৎ করে একদল যুবক বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকের সামনে জড়ো হয় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দেয়। এ সময় প্রায় দেড় শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী সেখানে সমবেত হয়।

তারা সড়কে অবরোধ সৃষ্টি করলে পুলিশ বাধা দেয়। জামায়াত-শিবির কর্মীরা তখন পুলিশের ওপর চড়াও হয়। ইট নিক্ষেপের পাশাপাশি শিবিরকর্মীরা প্রায় ৮ থেকে ১০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

এ সময় গোয়েন্দা  পুলিশের (ডিবি) একটি গাড়িতে একটি ককটেল বিস্ফোরিত হলে দুই পুলিশ সদস্য আহত হন। ঢিলের আঘাতে আহত হন আরো এক পুলিশ সদস্য।

পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম ও আল-আমীন নামের দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ও র‌্যাব বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে।

মহানগর পুলিশের কমিশনার এস এম মনির উজ-জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।”

হরতালের সমর্থনে ছাত্রশিবির কর্মীরা মহানগরীর শালবাগান, ডিঙ্গাডোবা এলাকায়ও মিছিলের চেষ্টা করে। তবে পুলিশ যাওয়ার আগেই সেখান থেকে পালিয়ে যায় শিবিরকর্মীরা।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মহানগরীর সাহেব বাজার, কুমারপাড়া, আলুপট্টি, মনি চত্বর, সোনাদীঘির মোড়, গোরহাঙ্গা রেলগেট, নওদাপাড়া, বিনোদপুর, কাটাখালী, নিউ মার্কেটসহ গুরুত্বপূর্ণ সব পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হরতালের কারণে রাজশাহী থেকে দূর পাল্লার কোনো বাস ছাড়েনি। তবে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কে বাস না থাকলেও রিক্সা, অটোরিক্সা ও ভ্যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হরতালের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা না হলেও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলছে।

গত সোমবার ভোর রাতে জামায়াত নেতা তাসনিম আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের প্রতিবাদেই বুধবার রাজশাহীতে অর্ধদিবস হরতালের ডাক দেয় জামায়াত।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমিরসহ শীর্ষ ১০ নেতার বিচার চলছে। এই সব নেতার মুক্তির দাবিতে গত নভেম্বরের শুরু থেকে পুলিশের ওপর হামলাসহ সারা দেশে সহিংস কর্মকাণ্ড চালায় জামায়াত-শিবির কর্মীরা। এ দাবিতে চলতি মাসের প্রথিম দিকে সারা দেশে একদিন সকাল-সন্ধ্যা  হরতালও পালন করেছে জামায়াত।