পুলিশের ধাওয়ার মুখে সন্ত্রাসীদের গুলি, আহত ২
রাজধানীর সবুজবাগে সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছে।
রাজধানীর সবুজবাগে সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছে।
এই হামলায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
আহতরা হলেন- নিপু সরকার (৩৮) এবং ইমরান হোসেন (১৯)। গ্রেপ্তার দুজন হলেন জাবেদ আলি (৩৫) এবং ধলু মিয়া (৪০)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয় সবুজবাগ থানার ওসি কাউয়ুম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি জানান, বেলা ১১টার দিকে খিলগাঁও বৌদ্ধ মন্দিরের সামনের সড়ক দিয়ে একটি মোটর সাইকেল যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয়।
“থামানোর সঙ্কেত দিলে তারা দ্রুত পালাতে থাকে। তখন পুলিশ তাদের ধাওয়া করে। এতে যোগ দেয় স্থানীয়রাও।”
ধাওয়ার মুখে সন্ত্রাসীরা গুলি চালালে ব্যবসায়ী নিপু ও কলেজছাত্র ইমরান আহত হন বলে জানান ওসি।
তিনি বলেন, পরে স্থানীয়দের সহায়তায় জাবেদ ও ধলুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তাদের সঙ্গে সোহেল নামে আরো একজন ছিলেন। তবে তিনি পালিয়ে গেছেন।
আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আঙ্ককামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
