চট্টগ্রামে মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার ২
চট্টগ্রাম নগরী থেকে পুলিশের মোটরসাইকেল চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম নগরী থেকে পুলিশের মোটরসাইকেল চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাহাড়তলী থানার ওসি সৈয়দ আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে নগরীর পাহাড়তলী থানার নিউ মনসুরাবাদ এলাকা থেকে মোটরসাইকেলসহ আনোয়ার হোসেন (২৬) ও মো. মান্নানকে (৩০) গ্রেপ্তার করা হয়।
রোববার রাতে খুলশী থানার ঝাউতলার পানির ট্যাংক এলাকায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক অঞ্জন দাশগুপ্তের বাসা থেকে তার মোটরসাইকেলটি চুরি হয়।
ওসি বলেন, “নগরীর বন্দর থানায় কর্তব্যরত অঞ্জন খুলশী ও পাহাড়তলীসহ বিভিন্ন থানায় নিজের মোটরসাইকেল চুরির বিষয়ে অভিযোগ করেন।”
পরে মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান খুলশী থানার ওসি আবদুল লতিফ।
