গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন।
রোববার দুপুরে উপজেলার গেড়াখোলায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মুকসুদপুর ও কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর থানার ওসি ফেরদৌস হোসেন জানান, পাথরঘাটাগামী রুমিন পরিবহনের একটি বাস মহাসড়কের গেড়াখোলায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা ধান বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই বাসযাত্রী দুই নারী ও দুই শিশু মারা যায়। হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।”
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর বেসামারকক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান, জেলা প্রশাসক ও পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
