যুদ্ধদিনের মতো সহযোগিতা অব্যাহত রাখুন: প্রধানমন্ত্রী
“আমরা যখন পাকিস্তানি দখলদার বাহিনীর সঙ্গে অসমযুদ্ধে লিপ্ত, সেই কঠিন সময়ে বিদেশি বন্ধুরা আমাদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।”
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখথ হাসিনা।
একাত্তরে অবদানের জন্য শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিদেশি বন্ধুদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মুক্তিযুদ্ধে সম্মাননা জানানোর চতুর্থ পর্যঅয়ে এদিন ৬০ ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়।
একাত্তরে ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বিদেশি বন্ধুদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “আমাদের এখনকার লড়াই হল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লড়াই। এজন্য, বাংলাদেশের বন্ধুদের সহায়তা প্রয়োজন।”
প্রধানমন্ত্রী বলেন, “আজকের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। ১৯৭১ সালের ভয়াবহ দিনগুলোতে আপনারা যে সমর্থন দিয়েছিলেন, তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।
“আমাদের মহান মুক্তিযুদ্ধে আপনাদের গুরুত্বপূর্ণ অবদান বাঙালি জাতির হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে।”
এই ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের অবদান সম্পর্কে জানতে সাহায্য করবে বলে শেখ হাসিনা মনে করেন।
“অনেকে এখন জীবিত নেই। সকলে এখানে থাকলে আনন্দিত হতেন।”
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের শুরুর অবস্থা বর্ণনা করে বলেন, “সে সময় আমাদের হাতে কিছুই ছিল না। কিন্তু আমাদের মানসিক শক্তি এই চরম প্রতিকূল অবস্থাকে জয় করতে সাহায্য করেছিল।
“আমরা যখন পাকিস্তানি দখলদার বাহিনীর সঙ্গে অসমযুদ্ধে লিপ্ত, সেই কঠিন সময়ে বিদেশি বন্ধুরা আমাদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।”
একাত্তরে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে বন্ধুদের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের অসামান্য অবদানের ফলেই আমাদের মুক্তি সংগ্রাম জোরদার হয়। বিদেশি বন্ধুরা আমাদের ন্যায্য দাবির প্রতি সমর্থন দিয়ে বিশ্ববাসীর কাছে আমাদের দুঃখ-দুর্দশা এবং মানবিক বিপর্যয়ের বিষয়ে তুলে ধরেন।
“আমাদের অনেক বিদেশি বন্ধুরই তখন বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। অনেকে বাংলাদেশ সম্পর্কে হয়ত সামান্যই জানতেন। বাংলাদেশ স্বাধীন না হলে তাঁদের কিছুই হত না। কিন্তু, তবুও আপনারা নৈতিক, মানসিক এবং বৈষয়িক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, মুক্তিযুদ্ধ বিসয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। সম্মাননাপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভারতের সাবেক সেনা কর্মকর্তা জগদীশ এস শর্মা।
অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইয়া।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি, উচ্চ আদালতের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, সাংসদ, কূটনীতিক, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
