মেধাবী সন্তানদের হত্যার সেই দিন
বলা হয়, পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এ হত্যাযজ্ঞ চালায়, যার উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর যেন বাংলাদেশ মাথা উঁচু করে আর না দাঁড়াতে পারে।
শহীদ বুদ্ধিজীবী দিবস শুক্রবার, ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মেধাবী সন্তানদের এই দেশীয় দোসরদের সহায়তায় বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী।
সেদিন হত্যাকাণ্ডের শিকার বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিদের শ্রদ্ধাভরে স্মরণ করছে দেশের মানুষ।
বলা হয়, পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী এ নিধনের কাজটি করে, যার উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর যেন বাংলাদেশ মাথা উঁচু করে আর না দাঁড়াতে পারে।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পনের দুদিন আগে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়, যাতে প্রত্যক্ষ সহযোগিতা করে রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সদস্যরা।
পরে শরীরে নিষ্ঠুর নির্যাতনের চিহ্নসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের লাশ পাওয়া যায় মিরপুর ও রায়েরবাজার এলাকায়। পরে তা বধ্যভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শ্রদ্ধায় জাতির ওই সন্তানদের স্মরণ করেছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীরা দেশের বিভিন্ন সঙ্কটে জাতিকে বুদ্ধি ও পরামর্শ দিয়ে কাণ্ডারীর ভূমিকা পালন করেন। তাদের সৃজনশীলতা ও অসা¤প্রদায়িক চিন্তা-চেতনা আমাদেরকে দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে যাওয়ার পথ দেখায়।
শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন প্রজন্ম একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসবে বলে আশা করেন তিনি।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করা।
“স্বাধীনতাবিরোধীরা দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের জন্ম দেয়। সা¤প্রদায়িকতাকে উস্কে দেয়। খুন-হত্যা-ধর্ষণ-নির্যাতন চালায়। তাদের এ অপকর্ম আজো থেমে নেই।”
চলমান যুদ্ধাপরাধের বিচারের কথা তুলে ধরে তা বানচালে যে কোনো ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান শেখ হাসিনা।
শহীদ বুদ্ধিজীবী দিবসে শুক্রবার সকাল ৮টায় সর্বপ্রথম রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেবেন।
পরে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের নেতৃত্বে শহীদ পরিবারের সদস্য এবং মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধে ফুল দেবেন।
এরপর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য উম্মুক্ত করে ওেয়া হবে।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আনুষ্ঠানিকতা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর নেতৃত্বে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধারা ফুল দেবেন।
দিবসটি উদযাপনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে।
