ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রজ্ঞাপন জারি
প্রথম ট্রাইব্যুনালে বিচারপতি ফজলে কবীর এবং দ্বিতীয় ট্রাইব্যুনালে বিচারপতি ওবায়দুল হাসান চেয়ারম্যান হয়েছেন। ট্রাইব্যুনাল-২ এ আর শূন্য পদে নিয়োগ পেয়েছেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া।
বিতর্কের মুখে বিচারপতি নিজামুল হক নাসিমের পদত্যাগের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
ট্রাইব্যুনাল-১ এ নিজামুল হকের জায়গায় দায়িত্ব পেয়েছেন বিচারপতি এটিএম ফজলে কবীর, যিনি ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আর ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান করা হয়েছে ওই ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি ওবায়দুল হাসানকে।
ফজলে কবীর প্রথম ট্রাইব্যুনালে চলে আসায় দ্বিতীয় ট্রাইব্যুনালের শূন্য পদে নিয়োগ দেয়া হয়েছে হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া।
আইন ও বিচার বিভাগের সচিব আবু সোলেহ শেখ মোহাম্মদ জহিরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিচারপতি নিজামুল হকের ‘পদত্যাগপত্র গ্রুহণক্রমে’ এই রদবদল এবং প্রধান বিচারপতির সুপারিশক্রমে নতুন বিচারপতি নিয়োগের আদেশ জারি করা হলো।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসিরউদ্দিন মাহামুদ দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা প্রজ্ঞাপন হাতে পেয়েছেন।
