চট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের আগের রাতে বন্দরনগরী চট্টগ্রামের অলংকার মোড়ে একটি বাসে আগুন দেয়া হয়েছে।
পুলিশ দাবি করছে, মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লাগার জের ধরে স্থানীয়রা সোমবার রাতে ওই বাসে আগুন ধরিয়ে দেয়।
রাত পৌনে ৯টার দিকে পাহাড়তলী থানার অলংকার মোড়ের বাম দিকে ওই বাসে আগুন দেয়া হয়।
চট্টগ্রাম নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আরেফিন জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা বাসটিতে কিছু অজ্ঞাতনামা লোক আগুন দিয়ে পালিয়ে যায়।
ওই বাসে কোনো যাত্রী ছিল না জানিয়ে তিনি বলেন, অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অলংকার মোড়ে ওই বাসটি একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়।
এরপর কথাকাটাকাটির জেরে বাসে আগুন ধরিয়ে দেয়া হয় বলে দাবি করেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১২৮ ঘ.
bdnews24