২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিন চৌধুরীর বিজয় টিভি দুর্নীতি মামলা বাতিল

চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা বিজয় টিভি দুর্নীতি মামলা বাতিল করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 01:31 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা বিজয় টিভি দুর্নীতি মামলা বাতিল করেছে হাই কোর্ট। একটি রুলের চূড়ান্ত শুনানি করে সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ এই রায় দেয়। দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক আবু আরিফ সিদ্দিকী ২০০৭ সালের ৩০ জুন চট্টগ্রাম কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, মেয়র মহিউদ্দিন অন্য আসামীদের সঙ্গে যোগসাজসে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে বিজয় টিভি স্টেশন করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা তুলে নিজেকে এবং অপরকে আর্থিকভাবে লাভবান করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। মহিউদ্দিন চৌধুরী এই মামলা বাতিলের আবেদন করলে ২০০৮ সালের ১৭ জানুয়ারি হাই কোর্ট মামলা বাতিলে রুল দিয়ে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেয়। রুলে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত মামলা বাতিলের রায় দেয়। আদালতে মহিউদ্দিনের আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম বলেন, উক্ত স¤প্রচারের উদ্দেশ্যে ব্যয় করা অর্থ সিটি কর্পোরেশনে ফেরত আসে। যা পরবর্তীতে হিসাবরক্ষণ বিভাগ সমন্বয় করে। সুতরাং কপোরেশনের আর্থিক ক্ষতির হিসাব অমূলক ও মামলাটি খারিজযোগ্য। আদালতে ব্যরিস্টার আমীরকে সহায়তা করেন, হরিসাধন দেব ব্রহ্মণ। দুদকের পক্ষে ব্যারিস্টার আহমদ সোহেল শুনানি করেন। সরকার পক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৯২২ ঘ.