২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াজউদ্দিন ছিলেন একজন সফল শিক্ষক: খালেদা

সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 11:54 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। সোমবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবার্তায় তিনি ইয়াজউদ্দিন আহম্মেদকে ‘একজন সফল শিক্ষক’ হিসাবে অভিহিত করেন। সাবেক এই রাষ্ট্রপতির আত্মার শান্তি কামনা করে তিনি বলেন, “তিনি ছিলেন একজন সফল শিক্ষক। বহু ছাত্র-ছাত্রীকে সুশিক্ষায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন তিনি।” ইয়াজউদ্দিন আহম্মেদ শিক্ষার প্রসার ও সমাজের নানা কাজের সঙ্গে আজীবন যুক্ত ছিলেন বলেও উল্লেখ করেন খালেদা জিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইয়াজউদ্দিন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার আমলে রাষ্ট্রপতি পদে আসীন হন। বিএনপি ক্ষমতা ছাড়ার পর তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্বও নেন তিনি, যা রাজনৈতিক সংঘাতের সৃষ্টি করে বলে মনে করা হয়। ওই সংঘাতের প্রেক্ষাপটে ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি করেন ইয়াজউদ্দিন, যার জন্য তিনি ব্যাপক সমালোচিত হন। খালেদা জিয়া তার শোকবার্তায় প্রয়াত রাষ্ট্রপতির শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা প্রকাশ করেন। হৃদরোগ ও কিডনি জটিলতায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সকালে ব্যাংককের একটি হাসপাতালে মারা যান ইয়াজউদ্দিন আহম্মেদ। তার বয়স হয়েছিল ৮১ বছর। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৭৪৫ ঘ.