সাভার, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের অবরোধ চলার সময় আমিনবাজারে সংর্ঘষের ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা হয়েছে।
সাভার মডেল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান সোমবার সকালে জানান, অবরোধের সময় আমিনবাজারে পুলিশের কাজে বাধা, ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে রোববার রাতে ৬৫১ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।
এদের মধ্যে বিএনপি নেতা আমান উল্লাহ আমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলম, ছাত্র দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম পল, সাভার থানা বিএনপির সভাপতি জামাল উদ্দিন সরকার, থানা বিএনপির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন সরকারসহ ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
সাভার থানার উপ-পরিদর্শক আবদুল হক বাদি হয়ে এ মামলা করেন।
রোববার অবরোধ চলার সময় সাভারের আমিনবাজারে অবরোধকারীদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। তখন আটক করা করা পাঁচ জনকেও এ মামলায় আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১২৫২ ঘ.
bdnews24