২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোর ও সিরাজগঞ্জে শান্তিপূর্ণ হরতাল

নাটোরে বিএনপি ও সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 06:22 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

নাটোর/সিরাজগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে বিএনপি ও সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। দুই জেলা থেকেই সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার নাটোরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। আর রোববারের অবরোধে জামায়াতের এক নেতার মৃত্যুর হওয়ার ঘটনায় সিরাজগঞ্জে অর্ধদিবস হরতাল ডাকে দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাটোর প্রতিনিধি জানান, বিএনপির ডাকা হরতালের শুরুতে সকাল ৬টার দিকে নাটোর শহরের ফুলবাগান এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে পিকেটাররা। পরে পুলিশ গেলে সেখান থেকে সটকে পড়ে তারা। এছাড়া সকাল ৭টার দিকে ঢাকা-নাটোর মহাসড়কের দত্তপাড়ায় সংবাদপত্রবাহী গাড়ি আটকে দেয় হরতাল সমর্থকরা। পরে সাংবাদিকদের হস্তক্ষেপে ওই গাড়ি ছেড়ে তারা। তবে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। হরতালের সমর্থনে কোনো মিছিল না হলেও দোকান-পাট বন্ধ রয়েছে। রাস্তায় রিকশা চললেও সব ধরনের মোটরযান চলাচল বন্ধ। সকালে পুলিশ পাহারায় দূরপাল্লার বাসগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। শহরের গুরুত্বপূর্ণ সব মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে, রাস্তায় পিকেটার ছাড়াই নিরুত্তাপভাবে সিরাজগঞ্জে চলছে জামায়াতের অর্ধ-দিবস হরতাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, ভোরে সিরাজগঞ্জ শহরের খেজুন সরদারের মোড়ে সড়কে একটি টায়ার জ্বালায় হরতাল সমর্থকরা। এছাড়া তাদের আর কোনো তৎপরতা দেখা যায়নি। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। মহাসড়কে দূরপাল্লার বাস চলছে। এছাড়া বঙ্গবন্ধু সেতু হয়ে দিনাজপুর ও খুলনা থেকে ঢাকার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সদর থানার ওসি সোহারাব আলী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এসইউ/১২১৯ ঘ.