২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকিট দিয়ে আবার ফেরতও নিল বিসিবি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ একমাত্র টি-টোয়েন্টি খেলায় বিক্রির জন্য দেয়া সাড়ে ৫ হাজারের বেশি টিকিট ফেরত নিয়েছে ক্রিকেট বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 07:08 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ একমাত্র টি-টোয়েন্টি খেলায় বিক্রির জন্য দেয়া সাড়ে ৫ হাজারের বেশি টিকিট ফেরত নিয়েছে ক্রিকেট বোর্ড। ফলে চাহিদা পূরণ কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছে টিকিট বিক্রির দায়িত্ব নেয়া সোশ্যাল ইসলামী ব্যাংক। সোমবার অনুষ্ঠেয় টি-টোয়েন্টি খেলার ১৮ হাজার ৭০০ টিকিট বিক্রির জন্য সোশ্যাল ইসলামী ব্যাংককে সরবরাহ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। শনিবার ব্যাংক কর্তৃপক্ষকে দুটি চিঠি পাঠায় বিসিবি। প্রথম চিঠিতে ৪ হাজার এবং পরের চিঠিতে ১ হাজার ৬৫০টি টিকিট বিসিবির জন্য রেখে দেয়ার অনুরোধ করা হয়েছে। ব্যাংক কর্মকর্তাদের কাছে বিষয়টি জেনে এই বিষয়ে জানতে চাইলে বিসিবির টিকেট কমিটির সদস্য সচিব আইনুল ইসলাম পিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অন্যান্য কাজে খুব ব্যস্ত। লিপু ভাইয়ের (গাজী আশরাফ হোসেন) সঙ্গে কথা বলুন। উনি বিস্তারিত বলতে পারবেন।” চুক্তি অনুযায়ী সোশ্যাল ইসলামী ব্যাংককে বিক্রির জন্য ২৫ হাজার টিকিট সরবরাহ করার কথা বিসিবির। ভেন্যু মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২৫ হাজার। এর আগে তৃতীয়টি থেকে শেষ একদিনের খেলা পর্যন্ত প্রতিবারই বিসিবি ৫ হাজার করে টিকিট ফেরত নেয় বলে ব্যাংকের নির্বাহী সহসভাপতি তারিক মোরশেদ জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যে পরিমাণ টিকিট পেয়েছি, তা চাহিদার তুলনায় অনেক কম। কারণ একটি ব্র্যাঞ্চ থেকে যে পরিমাণ টিকিট সরবরাহ করা হয়, তার দ্বিগুণের বেশি চাহিদা থাকে।” সোস্যাল ইসলামী ব্যাংক রাজধানীর নয়টি শাখার মাধ্যমে টি-টোয়েন্টি খেলার টিকিট বিক্রি করছে। শাখাগুলো হচ্ছে দিলকুশা প্রিন্সিপাল অফিস, গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, বাবুবাজার, বংশাল, ইস্কাটন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এই শাখাগুলোতে রোববার সকালে টিকিট ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায়, যাদের অনেকে রাত থেকে রয়েছেন। দিলকুশায় টিকিটের জন্য লাইনে দাঁড়ানো জাকির হোসেন নামে এক তরুণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকালের ওয়ান ডে ম্যাচ দেখার জন্য অনেক চেষ্টা করেও টিকিট পাইনি। এজন্য গত রাত থেকেই টি-২০ ম্যাচের টিকিটের জন্য অপেক্ষা করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এমআই/০১০৩ ঘ.