২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ: বগুড়ায় ২০০ জনের বিরুদ্ধে মামলা

অবরোধ চলাকালে বগুড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে দুইশ’ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

বগুড়া, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবরোধ চলাকালে বগুড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে দুইশ’ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শাজাহানপুর থানায় রোববার সন্ধ্যায় দ্রুত বিচার আইনে মামলাটি করেন দিনাজপুর পুলিশ লাইনের কনস্টেবল ফাটিজুল হক। মামলায় শরিফুল (২৮), আব্দুল লতিফ (১৯), মেহেদী (৩০), শহিদ (১৯), রায়হানসহ (১৯) ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ১৫০/২০০ জনকে আসামি করা হয়েছে। শাজাহানপুর থানার পরিদর্শক মাহমুদুল আলম বলেন, দশ জনের নাম উল্লেখ থাকলেও এ ঘটনায় আরো ১৫০ থেকে ২০০ জন জড়িত আছে। বিশৃঙ্খলাকারীরা বিএনপি ও জামায়াতের সদস্য বলে তিনি দাবি করেন। বগুড়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল এ) মোকবুল হোসেন বলেন, মহাসড়কে অবরোধ করে যানবাহন ভাংচুর করা আইনত এটা দণ্ডণীয়। এ কারণে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাংচুরের কারণে মামলা করা হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে পুলিশের ১০টি মোটরসাইকেল নিয়ে একটি ট্রাক দিনাজপুর যাচ্ছিল। পথে বগুড়া-ঢাকা মহাসড়কের বনানী এলাকায় পিকেটারেরা ট্রাক থামিয়ে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ট্রাক চালক পুলিশ কনস্টেবল পিকেটারদের মারপিটে আহত হন। এ সময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়। পুলিশ ২৯ রাউন্ড রাবার বুলেট ও ৬ রাউন্ড টিয়ার সেল ছুঁড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৭ ঘ.