সিরাজগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে মহাসড়কে ঘন কুয়াশার মধ্যে কয়েকটি ট্রাক ও বাসের সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক আসলাম হোসেন রোববার সকালে জানান, ঘন কুয়াশার মধ্যে প্রথমে একটি ট্রাক ও বাসের মধ্যে মুখোমুখি সংর্ঘষ হয়। এ দুর্ঘটনার পর দুটি যানের সঙ্গে সংঘর্ষ হয় আরো তিনটি ট্রাক ও একটি বাসের। এতে ঘটনাস্থলেই দুটি ট্রাকের চালক ও এক কাঁচামাল ব্যবসায়ী মারা যান। এ ঘটনায় আরো ৭ জন আহত হয়েছেন।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল আটটায় আরও দুজন মারা যায়।তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১০০০ ঘ.
bdnews24