গাজীপুর, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরে একটি কোরিয়ান পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ চলাকালে দোতলা থেকে লাফিয়ে পড়ে এক কর্মকর্তা আহত হয়েছেন।
সালনা এলাকায় সাংকুয়াং নামের কারখানায় রোববার দুপুরে এ ঘটনায় আহত হন কোরীয় নাগরিক মি জাং। তিনি কারখানাটির উৎপাদন উপদেষ্টা।
তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত বলে পুলিশ জানিয়েছে।
কারখানার অপারেটর ও গার্মেন্ট শ্রমিক জোট বাংলাদেশ’র সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বলেন, সাংকুয়াং কারখানাটি সালনায় একটি ভাড়া করা দালানে চলছিল। গত ঈদের বন্ধে কর্তৃপক্ষ শ্রমিকদের না জানিয়ে কারখানার মেশিনপত্র গাজীপুর সদরের বাসন এলাকায় নিজস্ব ভবনে স্থানান্তর করে।
এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিলে কর্তৃপক্ষ বলে, এখানে তাদের যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা থাকবে। তবে পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত শুধু মূল বেতন দেয়া হবে।
কিন্তু রোববার সকালে এক কর্মকর্তা শ্রমিকদের জানান, যারা বেতন হিসাবে চাকরি করেন, শুধু তাদের মূল বেতন দেয়া হবে। আর যারা মালের উৎপাদন দরে ভাতা পান তাদের কোনো বেতন-ভাতা দেয়া হবে না। এ কথা শুনে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
এক পর্যায়ে তারা কারখানায় ইট-পাটকেল ছুঁড়ে জানালার কাচ ভাংচুর করে।
এ সময় ভয়ে কোরীয় ওই কর্মকর্তা দোতলা লাফ দিয়ে মাটিতে পড়ে আহত হন।
শিল্প পুলিশের পরিদর্শক (জোন-২) মো. শওকত কবীর বলেন, সোমবার শ্রমিকদের দাবি নিয়ে কারখানা মালিক ও বিজিএমইএ কর্মকর্তাদের বৈঠকের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৬ ঘ.
bdnews24