ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেট দলকে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গেছেন।
প্রধানমন্ত্রী ও তার ছেলে সজীব ওয়াজেদ রাত আটটার কিছু আগে স্টেডিয়ামে গিয়ে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল আহসান পাপন।
১৯ ওভারে খেমার রোচের চতুর্থ বলে চার মারেন মাহমুদুল্লাহ রিয়াদ। এসময় প্রধানমন্ত্রীকে হাত তালি দিয়ে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। পরের বলে আবার চার হাঁকান মাহমুদুল্লাহ। প্রধানমন্ত্রী দাঁড়িয়ে পড়েন।
প্রধানমন্ত্রীর আসনের নিচে গ্রান্ড স্ট্যান্ডে বসা উৎফুল্ল দর্শকদের উদ্দেশ্যেও হাত নাড়েন তিনি। মাহমুদুল্লাহ’র একটি শট বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডারের কাছে আটকে যাওয়ায় হতাশা প্রকাশ করতেও দেখা যায় তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএএইচ/২০২৬ ঘ.
bdnews24