২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় গার্মেন্টসে বিক্ষোভ, ছুটি ঘোষণা

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সাভারের আশুলিয়ায় দু’টি পোশাক কারখানায় শনিবার সকালে শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 10:15 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

সাভার, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সাভারের আশুলিয়ায় দু’টি পোশাক কারখানায় শনিবার সকালে শ্রমিকরা বিক্ষোভ করেছে। দুপুরে রাস্তা অবরোধের চেষ্টার পর তারা বাড়ি চলে যায় এবং কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। কারখানা দু’টি হল আশুলিয়ার নিশ্চিন্তপুরের অনন্ত গ্র“পের অনন্ত গার্মেন্টস লিমিটেড এবং জিরাব এলাকার মাহবুব অ্যাপারেলস লিমিটেড। শিল্প পুলিশের উপ-পরিচালক আলী আহম্মেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনন্ত গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা সকালে এসে কাজে যোগ না দিয়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। সকাল ৯টার দিকে তারা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের বাধায় তা ব্যর্থ হয়। পরে তারা সড়কের পাশে বিক্ষোভ করে। বেলা ১২টার দিকে শ্রমিকরা বাড়ি চলে যায় এবং কর্তৃপক্ষ কারখানায় একদিনের ছুটি ঘোষণা করে। অনন্ত গার্মেন্টসের প্রশাসনিক কর্মকর্তা পিয়ারুল ইসলামের দাবি, শ্রমিকদের দাবিগুলো অযৌক্তিক। কারখানার প্রায় সাত হাজার শ্রমিক বেরিয়ে গেলে কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করেছে। পুলিশ কর্মকর্তা আলী আহম্মেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো বলেন, মাহবুব অ্যাপারেলসের ছয় শতাধিক শ্রমিক মজুরি বৃদ্ধির দাবিতে সকাল থেকে কর্মবিরতি শুরু করে। বেলা ১১টার দিকে তারা বিক্ষুব্ধ হয়ে উঠলে কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে এবং শ্রমিকরা চলে যায়। মজুরি (পিচরেট) বৃদ্ধির বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শিল্প পুলিশের আলোচনা চলছে। রোববার শ্রমিকদের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি জানান। গত ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে আগুন লেগে নিহত হয় ১১১ জন শ্রমিক। এরপর থেকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বে কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৪৪ ঘ.