নেত্রকোনা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে বৃহস্পতিবার রাতে চারটি পটকার বিস্ফোরণ হয়েছে।
রাত পৌনে ৮টার দিকে পটকাগুলো ফাটে বলে ইউএনও মো. রেজাউল করিম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকট শব্দে পটকাগুলো বাসার দ্বিতীয়তলার জানালার কাছে বিস্ফোরিত হয়। ওই সময় তিনি বাসার দ্বিতীয় তলার ড্রয়িং রুমে টিভি দেখছিলেন।
বিস্ফোরণের শব্দে বাসার সবাই আতংকিত হয়ে পড়েন। জানালার ফাঁক দিয়ে তিনি আগুনের গোলার মতো ছিটকে পড়তে দেখেন।
তবে এগুলো কে বা কারা ছুঁড়েছে তা তিনি দেখেননি বলে জানান।
কেন্দুয়া থানার উপ-পরিদর্র্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, পটকা বিস্ফোরণের খবর পেয়ে তিনি ইউএনওর বাসভবনে যান। আলামত সংগ্রহ করেছেন।
এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তদন্তশুরু করেছেন।
আতংক সৃষ্টির জন্যে কেউ পটকার বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৩ ঘ.
bdnews24