২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দিনেও উদ্ধার হয়নি বরগুনার ১১ জেলে

বঙ্গোপসাগর থেকে অপহৃত হওয়ার দুই দিন পরও উদ্ধার হয়নি বরগুনার ১১ জেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

বরগুনা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগর থেকে অপহৃত হওয়ার দুই দিন পরও উদ্ধার হয়নি বরগুনার ১১ জেলে। বরগুনার পাথরঘাটা থেকে প্রায় একশ’ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সোনরচর এলাকায় মঙ্গলবার সকালে একদল জলদস্যু জেলেদের ট্রলারে হামলা চালায়। এরপর তারা দুটি ট্রলারসহ ওই জেলেদের নিয়ে যায়। ফিরে আসা জেলেরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্তত ১১টি ট্রলারে ডাকাতি শেষে প্রতি ট্রলার থেকে এক জন করে জেলেকে মুক্তিপণের জন্য নিয়ে তারা সুন্দরবনের গভীরে চলে যায়। মাছসহ লুণ্ঠিত মালামালের দাম প্রায় দেড় কোটি টাকা বলে দাবি করেছেন জেলেরা। জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান মাঝি বলেন, মুক্তিপণের বিষয়ে যোগাযোগের জন্য দুটি মোবাইল ফোন নম্বর (০১৭৭৫৯০৩১৩৫, ০১৮-৫০১১৯১৯৩) দিয়ে যায় তারা। তবে এসব নম্বরে যোগাযোগ করে তা বন্ধ পাওয়া গেছে। পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট আহমেদ জানান, জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৫ ঘ.