রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় দায়িত্ব পালনের সময় গভীর রাতে ‘দুর্বৃত্তের’ হামলায় আহত হয়েছেন একজন সহকারী কমিশনারসহ দুই পুলিশ সদস্য।
বৃহস্পতিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশে বেতার কেন্দ্রে মাঠে এই ঘটনা ঘটে। ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আহতরা হলেন- পুলিশের সহকারী কমিশনার আবুল হাসনাত ও কনস্টেবল শরীফুল ইসলাম। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মতিহার থানা পুলিশ এ ঘটনায় দুটি মামলা করেছে। রাত থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা, বিনোদপুর, বুধপাড়া, মির্জাপুর, তালাইমারী, মেহেরচণ্ডী এলাকায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ১৮ কর্মীকে আটক করেছে বলে জানিয়েছেন মতিহার থানার উপ-পরিদর্শক চিত্তরঞ্জন রায়।
রাজশাহীর উপ-কমিশনার শাহ গোলাম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কনস্টেবল শরীফুল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছে দায়িত্ব পালনের কয়েকজন যুবক তার কাছ থেকে মোবাইল ফোন ও ম্যানিব্যাগ কেড়ে নেয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে দুর্বৃত্তরা তার পেটে ছুরি মেরে পালিয়ে যায়।
এ সময় শরীফুলের চিৎকারে মূল ফটক থেকে পুলিশ সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হামলাকারীদের ধরতে রাতেই অভিযান শুরু করে পুলিশ। সহকারী কমিশনার আবুল হাসনাতের নেতৃত্বে পুলিশের একটি দল কাজলায় অভিযানে গেলে রাজিব ও সজীব নামের স্থানীয় ‘দুই সন্ত্রাসী’ আবুল হাসনাতের ওপর চড়াও হয় এবং মারধর করে পালিয়ে যায়।
পুলিশের ওপর কারা হামলা চালিয়েছে জানতে চাইলে উপ-কমিশনার শাহ গোলাম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাম্ú্রতিক সময়ে যারা পুলিশের ওপর হামলা চালাচ্ছে তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”
আটককৃতদের জিজ্ঞসাবাদ করা হচ্ছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান। ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে গত ৬ নভেম্বর রাজশাহীর জিরো পয়েন্টে দুই কনস্টেবলের অস্ত্র কেড়ে নিয়ে তাদের ব্যাপক মারধর করে জামায়াত-শিবিরের কর্মীরা। এছাড়া গত নভেম্বরের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর জামায়াত কর্মীদের হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৫৫ ঘ.
bdnews24