রংপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে আটকেপড়া পাকিস্তানিদের ক্যাম্পে অগ্নিকাণ্ডে প্রায় তিনশ’ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া মালামাল উদ্ধার করতে গিয়ে ৫০ জন আহত হয়েছেন বলে জেলা প্রশাসন জানিয়েছে।
বুধবার রাতে রবার্টসনগঞ্জের ইস্পাহানি-৩ ক্যাম্পে এ অগ্নিকাণ্ড হয়।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানক্ষলেন, আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে ২২০ বাড়ি ও ২০টি দোকান। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০টি বাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ ২ কোটি ১ লাখ ৮৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আহত হন অন্তত ৫০ জন।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য জেলা প্রশাসনের করা কমিটির প্রধান আবুল ফায়েজ মো. আলাউদ্দিন খান বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি পরিবারকে দু-তিন দিনের মধ্যে তিন বান্ডিল ঢেউটিন ও ১০ হাজার টাকা দেয়া হবে।
এছাড়া বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রত্যেক পরিবারে কম্বল, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। ক্যাম্প সংলগ্ন রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ক্ষতিগ্রস্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ মণ চিড়া ও গুড় বিতরণ করা হয়েছে। নিজেদের ঘরে না ওঠা পর্যন্ত তাদের খাবার সরবরাহ করা হবে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসন। কমিটিকে শুক্রবার প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আটকেপড়া পাকিস্তানিদের সংগঠন স্ট্র্যান্ডেড পাকিস্তানি জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটি (এসপিজিআরসি) ৩ নম্বর ইস্পাহানি ক্যাম্প শাখার প্রধান মো. নাসিম বলেন, অগ্নিকাণ্ডের সময় অনেকের বাড়িতে লুট হয়েছে। মালামাল উদ্ধারের সময় আহত ৮ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার রশিদুল হাসান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, ক্যাম্প সংলগ্ন হরিণ মিয়ার চায়ের দোকানে কাজ করতেন ক্যাম্পের যুবক রাজু। বুধবার সকালে তিনি দোকানদারের কাছে পাওনা ১০০ টাকা নিতে যান। এ নিয়ে দোকানির সঙ্গে তার বচসা হয়।
রাত ৮টায় রাজু দলবল নিয়ে দোকানে ঢুকে হরিণ মিয়াকে কুপিয়ে আহত করে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্প ও স্থানীয় যুবকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আগুন দেখা যায় বলে জানান রশিদুল হাসান।
অগ্নিনির্বাপক বাহিনীর তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০২৮ ঘ.
bdnews24