২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নভোএয়ারের ফ্লাইট চালু এ মাসেই

এ বছরের ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরুর ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছরের ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরুর ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বৃহস্পতিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন মফিজুর রহমান। তিনি জানান, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য ৪৯ আসনের দুটি এমবেরার ইএমবি-১৪৫ মডেলের উড়োজাহাজ আনা হয়েছে। উড়োজাহাজ দুটির প্রথমটি গত ৩০ নভেম্বর এবং দ্বিতীয়টি বৃহস্পতিবার ঢাকা পৌঁছায় বলে জানান ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে ঢাকা থেকে চট্রগ্রাম, কক্সবাজার, যশোর এবং সিলেট রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়ার পর ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা করা হবে।” প্রতি সপ্তাহে ঢাকা-চট্রগ্রাম রুটে চারটি এবং অন্যন্য রুটে একটি করে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে নভোএয়ারের। তবে যাত্রীদের চাহিদা অনুযায়ী পরবর্তীতে এসব রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানান মফিজুর রহমান। যাত্রীরা নভোএয়ারের ওয়েবসাইট থেকে সরাসরি ক্রেডিট বা ডেবিট কার্ড (মাস্টার কার্ড ও ভিসা কার্ড) ব্যাবহার করে টিকিট কিনতে পারবেন। সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট সেফটি বিভাগের পরিচালক নাজমুল আনাম নতুন এই বিমান সংস্থাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইষ্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, নভোএয়ারের পরিচালক মঈনুল হক, ফয়জুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএ/১৯৩২ ঘ.