সাভার, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুন আতঙ্কে আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আবারো অন্তত ৩০ শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার জিরাব এলাকায় ‘এ্যাকটিভ কম্পোজিট লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানিয়েছে শিল্প পুলিশ।
গত ২৪ নভেম্বর সাভারের তাজরিন ফ্যাশনসে অগ্নিকান্ডের পর আরো কয়েকটি কারখানায় আগুন আতঙ্ক দেখা দেয়। এ সময় তাড়াহুড়া করে কারখানা থেকে বের হতে গিয়ে বেশকিছু শ্রমিক আহত হন।
শিল্প পুলিশের উপ-পরিচালক আলী আহম্মেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানাটির তৃতীয় তলায় সকাল সাড়ে ১১টার দিকে একটি মেশিনের শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি তৈরি পোশাক পুড়ে যায়।
মুহূর্তের মধ্যে কারখানাটিতে আগুন আতঙ্ক ছড়িয়ে পরে। এ সময় কারখানার কর্মরত প্রায় পনেরশ’ শ্রমিক হুড়োহুড়ি করে নামতে গেলে কয়েকজন সামান্য আহত হন।
শ্রমিকরা জানিয়েছেন তাদের অন্তত ৩০ সহকর্মী আহত হয়েছেন, বলেন পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৪০ ঘ.
bdnews24