ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দিন গাড়ি ভাঙচুর, পুলিশের উপর হামলা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।
বৃহস্পতিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চে হাজির হয়ে আবেদন করলে আদালত জুয়েলকে দুই মাসের জামিন দেয়।
শুনানিতে আবেদনকারী পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন শুনানি করেন।
পরে জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, ছাত্রদলের সভাপতিসহ অন্য আসামীদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় হাই কোর্ট জুয়েলকে দুই মাসের জামিন দিয়েছে। গত ৪ ডিসেম্বর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন এএসআই সঞ্জয় কুমার শীল।
পরে আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪ ডিসেম্বর জামায়াতের হরতালের দিন পান্থপথ এলাকায় গাড়ি ভাংচুর, পুলিশের উপর হামলা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। শুনানি শেষে আদালত জুয়েলকে দুই মাসের অন্তর্বর্তী জামিন দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৭৪১ ঘ.
bdnews24