ঝিনাইদহ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধে একই সময়ে বিএনপি ও যুবলীগ সমাবেশের ডাক দেওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত লাঙ্গলবাঁধে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে বলে শৈলকুপা থানার ওসি শহিদুল ইসলাম শাহিন জানান।
তিনি বলেন, বিএনপি ও যুবলীগ একই স্থানে সমাবেশের ডাক দেয়ায় সংঘর্ষ এড়াতে লাঙ্গলবাঁধ বাজার ও এর আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
এ বিষয়ে শৈলকুপা থানা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু বলেন, স্বৈরাচার পতন দিবস উপলক্ষে তাদের পূর্বঘোষিত কর্মসূচি পণ্ড করতে যুবলীগ সেখানে সমাবেশ ডেকেছে।
অবশ্য অভিযোগ অস্বীকার করে শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি রানাউজ্জামান বাদশা বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই তারা এ কর্মসূচি ঘোষণা করেছেন।
অন্যদিকে কোনো অনুমতি না নিয়ে বিএনপি সেখানে সমাবেশ ডেকেছে বলে অভিযোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৪৪০ ঘ.
bdnews24