২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন পর্যবেক্ষণে তোড়জোড় শুরু

ঢাকায় আসছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল, যার মধ্য দিয়ে আগামী নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক মহলের কার্যক্রম শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 05:22 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

শেখ শাহরিয়ার জামান জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ও বিরোধী দলের বিরোধের মধ্যেই দেশের আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক মহলের তৎপরতা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো। তিনি নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কথা বলবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। সংবিধান অনুযায়ী, চলতি বছরের শেষার্ধে দশম জাতীয় সংসদ নির্বাচন হবে। তবে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির মতদ্বন্দ্ব রয়েছে। আওয়ামী লীগ বলছে, সংশোধিত সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। অন্যদিকে তত্ত্বাবধায়ক পদ্ধতি ফিরিয়ে আনার দাবি জানিয়ে ভোট বর্জনের হুমকি দিয়ে রেখেছে বিএনপি। দেশের রাজনীতির এই চিত্রের মধ্যেই ঢাকা আসছেন তারানকো। নির্বাচন নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক কোনো মিশনের এটাই প্রথম ঢাকায় আগমন বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সাদিয়া মুনা তাসনিম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সফরকালে জাতিসংঘ কর্মকর্তা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সঙ্গে বৈঠক করবেন। “নির্বাচনের আগে এর প্রক্রিয়া খতিয়ে দেখতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশে এসে থাকেন, গত নির্বাচনেও এমনটি হয়েছিল,” বলেন সাদিয়া মুনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগামী জাতীয় নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, নির্বাচনী আইন ও নীতিমালা, নির্বাচন সম্পর্কে রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের মতামত শুনবেন তারানকো। সাদিয়া মুনা বলেন, তারানকোর এই সফর নির্বাচন পর্যবেক্ষকদের আগমনের সূচনা মাত্র। কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের আরো মিশন ভবিষ্যতে নির্বাচন পর্যবেক্ষণে আসবে। বৃহস্পতিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ কর্মকর্তা। শুক্রবার থেকে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা শুরু করবেন তিনি। তারানকো শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বসবেন। একই দিন নাগরিক সমাজের নেতারা ওই কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন তিনি। আর্জেন্টিনার নাগরিক ৬৫ বছর বয়সি তারানকো ২০০৯ সালে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে কাজ শুরু করেন। ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে কয়েকশ’ আন্তর্জাতিক পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে এসেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এফএ/এমআই/২৩১৩ ঘ.