ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেনমার্কের সফররত বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী পিয়া ওসলেন দির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন।
বুধবার দুপুরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাত করেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
সাক্ষাতকালে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা, নদীর নাব্যতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বলানি এবং বাংলাদেশে ডেনমার্কের বিনিয়োগসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে তাদেও মধ্যে আলোচনা হয়।
বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতার কথা প্রধানমন্ত্রী এ সময় উল্লেখ করেন।
দু’দেশের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরো জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
আর্থ-সামাজিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং দারিদ্র্য দূরীকরণসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র এসময় তুলে ধরেন প্রধানমন্ত্রী।
নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে ডেনমার্কের বিনিয়োগের বিষয়ে আশা প্রকাশও করেন প্রধানমন্ত্রী।
এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৮৩৪ ঘ.
bdnews24