বরিশাল, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বানারীপাড়া উপজেলায় মঙ্গলবার রাতে এক পরিবারের পাঁচ সদস্যকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় হয়। পরে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে যান।
এরা হলেন রেজাউল ইসলাম (৫০), স্ত্রী হাসিনা ইসলাম (৪০), মেয়ে রেজওয়ানা ইসলাম ওরিন (১৮), টুম্পা ইসলাম (১৪) ও ঐশি ইসলাম (৮)।
বানারীপাড়া থানার ওসি মো. মেছবাহ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার সলিয়াবাকপুরের ধারালিয়া গ্রামের এ পরিবারের সবাই রাত সাড়ে ৯টার দিকে খেয়ে ঘুমিয়ে পড়েন।
সকালে গৃহশিক্ষক রুবেল গিয়ে ঘরের দরজা খোলা এবং সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান।
তিনি তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওসি আরো বলেন, দুর্বৃত্তরা তাদের একলাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় গৃহকর্তা রেজাউল করিম থানায় লিখিত অভিযোগ করেছেন।
বানারীপাড়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার যতীনচন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারণা করা হচ্ছে খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তাদের অচেতন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৭ ঘ.
bdnews24