ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদকর্মীদের বেতন কাঠামো ঠিক করতে গঠিত পর্ষদ থেকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিমকে অব্যাহতি দেয়া হয়েছে।
বুধবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।
গত ১৮ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হককে চেয়ারম্যান করে পর্ষদ গঠন করে সরকার। ওই পর্ষদে ইহসানুল করিমকে সদস্য হিসাবে রাখা হয়েছিল।
এরপর ১৮ সেপ্টেম্বর জারি করা অপর এক প্রজ্ঞাপনে ইংরেজি দৈনিক নিউ এজের ব্যবস্থাপনা পরিচালককে অন্তর্ভুক্ত করা হয়। ওই আদেশে তার নাম উল্লেখ করা হয়েছিল ‘শহীদুল ইসলাম খান বাদল’।
বুধবার জারি করা তথ্যবিবরণীতে তা এএসএম শহীদুল্লাহ খান হবে বলে জানানো হয়েছে।
সপ্তম সংবাদপত্র মুজরি বোর্ড রোয়েদাদ পর্যালোচনা করে সংবাদপত্র ও সংবাদ সংস্থায় নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের জন্য বেতনভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে সুপারিশ করার কথা এই পর্ষদের।
পর্ষদ গঠনের চার মাসের মাথায় গত ১৮ অক্টোবর সংবাদিক ও কর্মচারীদের জন্য ৫০ শতাংশ মহার্ঘভাতার ঘোষণা দেয়া হয়। এরই মধ্যে তথ্যমন্ত্রী জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই অষ্টম ওয়েজবোর্ড ঘোষণা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮০৪ ঘ.
bdnews24