২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাউকি’র সেতু সরাতে বলেছে হাই কোর্ট

সিলেটের জাফলংয়ে ডাউকি নদীর উপর নির্মিত সেতু ও সংযোগ সড়ক ১৫ দিনের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জাফলংয়ে ডাউকি নদীর উপর নির্মিত সেতু ও সংযোগ সড়ক ১৫ দিনের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এই সংক্রান্ত দুটি রিটের চূড়ান্ত শুনানি করে বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রায় দেয়। পরিবেশ সচিব, ভূমি সচিব, পানি সম্পদ সচিব, জ্বালানি সচিব, ওয়াপদার চেয়ারম্যানসহ বিবাদীদেরকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে ৩০ দিনের মধ্যে ওই এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার নির্দেশ দেয়া হয়েছে। আদালতের আদেশ বাস্তবায়ন করে সাত দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদনও দিতে বলেছে আদালত। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইকবাল কবির লিটন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার। ‘এবার সেতু দিয়ে ডাউকির সর্বনাশ’ শিরোনামে সিলেটের স্থানীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে বেলার দায়ের করা একটি রিটে গত ১৫ ডিসেম্বর রুল দেয় হাই কোর্ট। সেতু সরাতে দেয়া পরিবেশ অধিদপ্তরের এক আদেশ চ্যালেঞ্জ করে পাথর ব্যবসায়ী সমিতি হাই কোর্টে এলে ওই রিটেও রুল হয়। এই দুই রিটের চূড়ান্ত শুনানি করে হাই কোর্টের ওই বেঞ্চ এই রায় দেয়। আদালতে পাথর ব্যবসায়ী সমিতির পক্ষে এজে মোহাম্মদ আলী, বেলার পক্ষে অ্যাডভোকেট ইকবাল কবির লিটন শুনানি করেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৬৪০ ঘ.