২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির ধারণাসূচক বাংলাদেশ পিছিয়েছে ২৪ ধাপ

বিশ্বের ১৭৬টি দেশের পরিস্থিতি বিবেচনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে ধারণাসূচক প্রকাশ করেছে- তাতে ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভাল থেকে খারাপ) বাংলাদেশের অবস্থান এবার ১৪৪তম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 06:02 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের করা ‘দুর্নীতির ধারণাসূচকে’ বাংলাদেশের অবস্থান ২৪ ধাপ পিছিয়েছে। গত বছর বিশ্বের ১৮৩টি দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে যে সূচক করা হয়েছিল- তাতে উর্ধ্বক্রম অনুযায়ী (ভাল থেকে খারাপ) বাংলাদেশের অবস্থান ছিল ১২০ নম্বরে। আর এবার ১৭৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৪ তম। অবশ্য উল্টো দিক থেকে বিবেচনা করলে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩ নম্বরে। এই বিবেচনায় গতবছরও বাংলাদেশ একই অবস্থানে ছিল। বার্লিনভিত্তিক আন্তর্জাতিক ‘দুর্নীতিবিরোধী সংস্থা’ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বুধবার সারা বিশ্বে একযোগে এই প্রতিবেদন প্রকাশ করে। সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) পক্ষ থেকে এই প্রতিবেদনের বাংলাদেশ অংশ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, “সার্বিক বিবেচনায় বাংলাদেশের অবস্থান নিম্নগামী, কারণ স্কোর কমেছে। এ অবস্থা উদ্বেগজনক।” গত বছর ১০ ভিত্তিক স্কেলে সূচক নির্ধারণ করা হলেও এবার অবস্থান নির্ধারণ করা হয়েছে একশ ভিত্তিক স্কেলে। গত বছর ১০-এ বাংলাদেশের স্কোর ছিল ২.৭। আর এবার ১০০ তে ২৬। টিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের সঙ্গে তুলনা করালে ২০১২ সালের সূচকে সবচেয়ে বেশি দর্নীতিগ্রস্ত দেশের ক্রমে বাংলাদেশের অবস্থানগত পরিবর্তন না হলেও গত এক বছরে বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা বেড়েছে। আর এর অন্যতম কারণ হিসাবে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ঘাটতি এবং পদ্মাসেতু প্রকল্প, রেলওয়ের দুর্নীতি, শেয়ারবাজার ও হলমার্ক কেলেঙ্কারি এবং ডেসটিনির অনিয়মের অভিযোগের মতো বহুল আলোচিত ঘটনাকে চিহ্নিত করেছে টিআইবি। এছাড়া ‘ক্ষমতাবাদের’ নির্বিচারে জমি-নদী ও জলাশয় দখল, প্রতিশ্র“তি অনুযায়ী উচ্চ পর্যায় ও ক্ষমতাশালীদের সম্পদের হিসাব প্রকাশ না করা এবং দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা ও কার্যকারিতা হ্রাসের চেষ্টা সূচকের অবনমনে প্রভাব রেখেছে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক বিবেচনায় ব্যাপক সংখ্যক ফৌজদারী ও দুর্নীতির মামলা প্রত্যাহার, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতা দুর্বল হওয়া, প্রশাসনিক ও আইন শৃঙ্খলা বাহিনীর কাজে রাজনৈতিক হস্তক্ষেপ, কালো টাকা সাদা করার সুযোগ রাখা এবং সরকারি ক্রয় বিধিমালার দুর্বলতায় ধারণাসূচকে ২৪ ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। এই অবস্থা থেকে উত্তোরণে পক্ষাপাতহীনভাবে দুর্নীতিবিরোধী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, অপরাধীদের আইনের উর্ধ্বে থাকার সুযোগ বন্ধ করা, আইন করে সংসদ বর্জন বন্ধ করা এবং সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে কার্যকর করার সুপারিশ করেছে টিআইবি। এছাড়া দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা ও কার্যকরিতা নিশ্চিত করা, তথ্য অধিকার আইনের বাস্তবায়ন, আইন-শৃঙ্খলাসহ সরকারি সব খাতে নৈতিক আচরণবিধি প্রণয়ন ও তা প্রয়োগ, সরকারি ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করার সুপারিশ রাখা হয়েছে প্রতিবেদনে। এবারের সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে কম দুর্নীতির দেশ ফিনল্যান্ড, নিউজিল্যান্ড ও ডেনমার্ক। এই তিন দেশের স্কোর ১০০ তে ৯০। গত বছর ভালোর তালিকায় শীর্ষে ছিল নিউজিল্যান্ড। ডেনমার্ক ও ফিনল্যান্ড ছিল দুই নম্বরে। এবার সবচেয়ে বেশি দুর্নীতির দেশ হিসাবে এসেছে আফগানিস্তান, উত্তর কোরিয়া ও সোমালিয়ার নাম। দেশগুলোর স্কোর ১০০ তে ৮। গত বছর সর্বশেষ অবস্থানে ছিল শুধু সোমালিয়া ও উত্তর কোরিয়া। এই সূচক অনুযায়ী ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ। তবে সোমালিয়া এবার নিয়ে ছয় বার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বিবেচিত হলো। সার্ক দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান, তাদের স্কোর ১০০ তে ৬৩। একই স্কেলে ২৭ স্কোর নিয়ে পাকিস্তান ও নেপাল রয়েছে বাংলাদেশের ঠিক আগের ধাপে। ৪০ স্কোরের শ্রীলঙ্কার অবস্থান ঊর্ধ্বক্রম তালিকার ৭৯ নম্বরে, ৩৬ স্কোর করে ভারত ৯৪ নম্বরে এবং আফগানিস্তান ৮ স্কোর নিয়ে তালিকার সর্বশেষ অর্থাৎ ১৭৪তম অবস্থানে রয়েছে। এই সাত দেশের মধ্যে কেবল বাংলাদেশ আর আফগানিস্তানের অবস্থানেই অবনমন ঘটেছে ধারণাসূচকে। বিভিন্ন দেশের দুর্নীতির পরিস্থিতি নিয়ে প্রতি বছর এই ধারণাসূচক প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দাবি, এই সূচক প্রামাণ কোনো বিষয় না হলেও এতে দুর্নীতির বিস্তারের একটি ধারণা পাওয়া যায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৩টি আন্তর্জাতিক জরিপ থেকে তথ্য নিয়ে এই ধারণাসূচক প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বাংলাদেশের সূচক নির্ধারণে নেয়া হয়েছে সাতটি প্রতিষ্ঠানের জরিপের তথ্য। এগুলো হল- বার্টেলসমান ফাউন্ডেশন ট্রান্সফরমেশন ইনডেক্স, ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের কান্ট্রি রিক্স অ্যাসেসমেন্ট, গ্লোবাল ইনসাইটের কান্ট্রি রিস্ক রেটিং, পলিটিক্যাল রিস্ক সার্ভিসেসের ইন্টারন্যাশনাল কান্ট্রি রিস্ক গাইড, বিশ্ব ব্যাংকের কান্ট্রি পারফরমেন্স অ্যান্ড ইনস্টিটিউশনাল অ্যাসেসমেন্ট ও ওয়ার্ল্ড জাস্টিস প্রোজেক্টের রুল অব ল ইনডেক্স। ২০১১ সালের জানুয়ারি থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে এবারের সূচক নির্ধারণ করা হয়েছে জানান ইফতেখারুজ্জামান। দুর্নীতিকে একটি ‘বৈশ্বিক সমস্যা’ উল্লেখ করে তিনি বলেন, “কোনো দেশই শতাভাগ স্কোর অর্জন করতে পারেনি। তাই বলা যায়, দুর্নীতিতে শতভাগ স্বচ্ছ কোনো দেশ নেই।” সরকার ও বিরোধীদলকে দুর্নীতিবিরোধী শক্ত অবস্থান ধরে রাখার আহ্বান জানিয়ে টিআইবির এই কর্মকর্তা বলেন, “জাতীয় কমিটমেন্টের পাশাপাশি আন্তর্জাতিক কমিটমেন্টও বাস্তবায়ন করতে হবে। তাহলে সিপিআই সূচকে আরো অগ্রগতি অর্জন সম্ভব।” সরকার দুর্নীতি দমনের বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেন টিআইবির চেয়ারপার্সন সুলতানা কামাল। তিনি বলেন, “সরকার বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের চেষ্টা করছে। দলীয় সমর্থকদের রক্ষায় চেষ্টা চালাচ্ছে।” তার ভাষায়, দেশে দুর্নীতি, অনিয়ম ও অবিচার থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দরিদ্ররা। তাই এ নিয়ে কথা বলতেই হবে। “দুর্নীতি আজ সবচেয়ে বড় বিব্রতকর অবস্থা তৈরি করেছে। সংসদে একজন আরেক জনের দুর্নীতি নিয়ে কথা বলছে।... দুর্নীতির কারণে বিমানে কোটি টাকার ক্ষতি হচ্ছে, টাকা ছাড়া পুলিশ মামলা করে না, ট্রেনের টিকেট কাটা যায় না। দুর্নীতি আমাদের পেছনে টেনে নিচ্ছে”. ক্ষোভের সঙ্গে বলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা। সুলতানা কামালের দাবি, বর্তমানে বাংলাদেশের ১০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হওয়ার কথা থাকলেও দুর্নীতির কারণে তা ৬-এর ঘরে রয়েছে। অন্যদের মধ্যে টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য হাফিজ উদ্দিন খান সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৭৪৯ ঘ.