রাঙামাটি, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি শহর থেকে অপহৃত তিন বাঙালিকে একদিন পরও উদ্ধার করা যায়নি।
সোমবার সন্ধ্যায় শহরের বনরূপার সমতাঘাট থেকে অপহৃত হন সমতা প্লাইউড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক জুলফিকার আলী ভুট্টো, ওই কারখানার শ্রমিক শ্রমিক নূর মোহাম্মদ (৩৫) এবং বাঁচা মিয়া (৩৫)।
কোতোয়ালি থানার ওসি সাইফুল ইসলাম চৌধুরী বলেন, অপহৃতদের উদ্ধারের জন্য পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা সম্ভাব্য স্থানগুলোয় অভিযান চালাচ্ছে।
তিনি আরো বলেন, মিলের শ্রমিক ও এলাকাবাসীদের সঙ্গে কথা জানা গেছে চাঁদা আদায় নিয়ে এ অপহরণের ঘটনা ঘটেছে। তবে কারা এতে জড়িত রয়েছে তা তিনি জানাতে পারেননি।
এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে বাঙালি ছাত্র পরিষদ ২৪ ঘণ্টার মধ্যে অপহৃতদের উদ্ধারের দাবি জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৩৫ ঘ.
bdnews24