২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা ‘দুর্নীতির’ জন্য মামলার সুপারিশ

পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ অনুসন্ধানে গঠিত কমিটি অর্থ লেনদেনের ‘ষড়যন্ত্রের’ জন্য কয়েকজনের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে, এই সংখ্যা ১০ জনের বেশি নয় বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 11:28 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে ‘ঘুষ’ লেনদেনের ‘ষড়যন্ত্রের’ জন্য বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান কমিটি। মঙ্গলবার কমিটির প্রতিবেদন পাওয়ার পর কমিশন চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, মূল্যায়নের পর এই প্রতিবেদন চূড়ান্ত করবেন তারা। যাদের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে- তাদের নাম প্রকাশে অস্বীকৃতি জানালেও তিনি বলেন, “এই সংখ্যা ১০ এর কম।” সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নাম এর মধ্যে রয়েছে কি না- জানতে চাইলে গোলাম রহমান বলেন, “তাহলে তো সব আউটই (প্রকাশ) করে দিলাম। এটা এখন (মূল্যায়নের আগে) করতে চাচ্ছি না।” শুরুতে দুর্নীতির কোনো প্রমাণ না পাওয়ার কথা জানালেও দুদক চেয়ারম্যান এখন বলেছেন, অর্থ লেনদেনের ‘ষড়যন্ত্র’ হয়েছিল। “অর্থের আদান-প্রদান হয়নি। অর্থ বিনিময়ের জন্য একটি আলোচনা হয়েছিল, যাকে আমরা ষড়যন্ত্র বলছি।” এই ষড়যন্ত্রে কারা ছিল- জানতে চাইলে তিনি বলেন, “সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারিনি আমরা।” দুর্নীতির অভিযোগ পর্যবেক্ষণে বিশ্ব ব্যাংক গঠিত তিন সদস্যের পর্যবেক্ষক দলের সদস্যদের সঙ্গে কমিশন কর্মকর্তাদের আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশন চেয়ারম্যান। তিনি বলেন, দুর্নীতির ‘ষড়যন্ত্র’ যে হয়েছিল, সে বিষয়ে বিশ্ব ব্যাংক ও দুদক একমত। তবে কার কার বিরুদ্ধে অভিযোগ আনা হবে- সেই বিষয়ে মতৈক্য এখনো হয়নি জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, “ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশনের বিষয়ে আমাদের মধ্যে এখনো মতভেদ রয়েছে।” বিশ্ব ব্যাংক পর্যবেক্ষক প্যানেলের সঙ্গে বুধবারও বৈঠক হবে বলে জানান দুদক চেয়ারম্যান। অনুসন্ধান প্রতিবেদন মূল্যায়ন এখনো শেষ হয়নি জানালেও দুদকের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেন, “দুর্নীতির ষড়যন্ত্রের জন্য মামলার সুপারিশ করা হয়েছে।” এই আইনজীবী আগে জানিয়েছিলেন, দেশের আইন অনুযায়ী দুর্নীতির ষড়যন্ত্রও ফৌজদারি অপরাধ। বুধবারের মধ্যে প্রতিবেদন চূড়ান্ত হবে জানিয়ে দুদক কমিশনার শাহাবুদ্দিন চুপপু সাংবাদিকদের বলেন, “মামলা যদি হয় দুই-এক দিনের মধ্যেই হবে।” প্রতিবেদনে কার কার বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “কয়েকজন ব্যক্তির একটি তালিকা রয়েছে।” দুর্নীতি দমন কমিশন কোনো অভিযোগ পেলে তার অনুসন্ধান শুরু করে, অভিযোগের সত্যতা পেলে মামলা করে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। মামলার সুপারিশ জানিয়ে প্রতিবেদন দাখিলকে কীভাবে দেখছেন- জানতে চাইলে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন সাংবাদিকদের বলেন, “কিছু অগ্রগতি দেখছি। আমরা দুদকের সঙ্গে কাজ করে যাচ্ছি।” বুধবার কমিশনের সঙ্গে আবার বৈঠকে বসবেন জানিয়ে তিনি বলেন, এরপর বলার মতো কিছু তৈরি হবে। পদ্মা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করতে দ্বিতীয়বারের মতো ঢাকা সফর করছে বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষক দল। তাদের ঢাকায় অবস্থানের মধ্যেই মঙ্গলবার সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা, প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর যাকে পদত্যাগ করতে হয়। মঙ্গলবার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকেও জিজ্ঞাসাবাদ করা হয়, যিনি প্রকল্পের কাজের বিষয়ে এসএনসি লাভালিনের পক্ষে সুপারিশ করেছিলেন বলে দাবি করেছেন আবুল হোসেন। কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর গত বছরের সেপ্টেম্বরে ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি স্থগিত করেছিল বিশ্ব ব্যাংক। এরপর সরকার এবং তৎকালীন যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ নাকচ করা হলেও অনড় থাকে বিশ্ব ব্যাংক এবং তার ধারাবাহিকতায় গত জুন মাসে ঋণচুক্তি বাতিল করে। এরপর আবুল হোসেনের পদত্যাগ, প্রকল্পের ইন্টেগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান ও সেতু বিভাগের তৎকালীন সচিব মোশাররফ হোসেন ভূইয়াকে ছুটিতে পাঠানোসহ সরকারের নানামুখী তৎপরতায় বিশ্ব ব্যাংক সিদ্ধান্ত বদলায়। তবে দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বে একটি কমিটি গঠন করে, যে কমিটির অন্য দুই সদস্য হলেন টিমোথি টং ও রিচার্ড অল্ডারম্যান। এই প্যানেলের প্রতিবেদনের ওপরই নির্ভর করছে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণ, যা ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। এদিকে দুর্নীতি দমন কমিশন কানাডার মামলার আসামি লাভালিন কর্মকর্তা রমেশ শাহ ও মোহাম্মদ ইসমাইলের সঙ্গেও কথা বলতে চেয়েছে। তবে এখনো সে বিষয়ে কানাডা কর্তৃপক্ষের সাড়া মেলেনি। পদ্মা প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণের তালিকায় থাকা লাভালিনকে কাজ পাইয়ে দিতে ওই দুই কর্মকর্তা বাংলাদেশি কর্মকর্তাদের ঘুষ সেধেছিলেন বলে অভিযোগ রয়েছে। কানাডা পুলিশ ওই কর্মকর্তার ডায়েরি জব্দ করলে তাতে সৈয়দ আবুল হোসেনসহ বেশ কয়েকজন বাংলাদেশি কর্মকর্তার নাম পায় বলে বিভিন্ন সংবাদপত্রে খবর ছাপা হয়েছে। তবে আবুল হোসেন মঙ্গলবারও দুদকে জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের বলেন, রমেশ শাহর ডায়েরির বিষয়ে তার কিছু জানা নেই। অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান পর্যায়ে আবুল হোসেন, আবুল হাসান, মোশাররফ হোসেনসহ ২৯ জনকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন প্রকল্পের ইন্টেগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান, সাবেক প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ নূর আলম চৌধুরী লিটনের ভাই নিক্সন চৌধুরী ও এসএনসি-লাভালিনের স্থানীয় এজেন্ট জিয়াউল হক। এছাড়া প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান মূল্যায়ন কমিটির প্রধান অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বুয়েটের সাবেক অধ্যাপক ড. আনম সফিউল্লাহ, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী তরুণ তপন দেওয়ান, পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মকবুল হোসেন, ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের পরিচালক মো. দলিল উদ্দিন ও সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নদী শাসন) কাজী মো. ফেরদৌসও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসডব্লিউ/এইচএএইচ/এমআই/২০৪৭ ঘ.